স্টাফ রিপোর্টার | ১৭ মার্চ ২০২৬ | নিউজ চ্যানেল বিডি
প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারের প্রথম ২৮ দিনের বিভিন্ন পদক্ষেপকে ‘অভূতপূর্ব কর্মযজ্ঞ’ হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন।
আজ সকালে নিজের ফেসবুক স্ট্যাটাসে তিনি সরকারের ২৮ দিনে নেওয়া ২৮টি গুরুত্বপূর্ণ পদক্ষেপ তুলে ধরেন।
মাহদী আমিন বলেন, আজ ১৭ মার্চ। ঠিক এক মাস আগে জনগণের ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার গঠন করে। মাত্র ২৮ দিনে রাষ্ট্র পরিচালনার প্রতিটি মুহূর্তে তিনি নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে নিরলসভাবে কাজ করেছেন। এসব পদক্ষেপ শুধু প্রশাসনিক কার্যক্রম নয়, বরং জনগণের প্রতি দায়বদ্ধতার স্পষ্ট প্রতিফলন।
প্রতিমন্ত্রী পদমর্যাদার উপদেষ্টাদের মধ্যে মাহদী আমিন বর্তমানে শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন।
ফেসবুক স্ট্যাটাসে তিনি উল্লেখ করেন, সরকারের ২৮ দিনের পদক্ষেপগুলো সামাজিক সুরক্ষা, অর্থনীতি, প্রশাসন, শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা ও রাষ্ট্রীয় মূল্যবোধের প্রতিটি অঙ্গনকে আলোকিত করেছে।
তিনি জানান, সামাজিক সুরক্ষার অংশ হিসেবে ফ্যামিলি কার্ড কর্মসূচির মাধ্যমে ৩৭ হাজার ৫৬৭ পরিবারকে মাসিক আড়াই হাজার টাকা সহায়তা দেওয়া হচ্ছে। এছাড়া ইমাম, মুয়াজ্জিন, পুরোহিত, বৌদ্ধবিহারের অধ্যক্ষ ও গির্জার যাজকদের জন্য মাসিক সম্মানী চালু করা হয়েছে। ঈদ উপলক্ষে অসহায় মানুষের জন্য ত্রাণ ও উপহার বিতরণ এবং প্রাতিষ্ঠানিক জাকাত ব্যবস্থা চালুর উদ্যোগও নেওয়া হয়েছে।
কৃষি ও গ্রামীণ অর্থনীতির উন্নয়নে কৃষক কার্ড চালু এবং ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের ঋণ মওকুফের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি সারাদেশে ২০ হাজার কিলোমিটার খাল খনন কর্মসূচিও হাতে নেওয়া হয়েছে, যা ইতোমধ্যে ৫৪ জেলায় শুরু হয়েছে।
প্রশাসনিক সংস্কারের অংশ হিসেবে সরকারি দপ্তরে সময়ানুবর্তিতা নিশ্চিত করতে কর্মকর্তাদের সকাল ৯টার মধ্যে উপস্থিতি বাধ্যতামূলক করা হয়েছে। ভিভিআইপি প্রটোকল কমানো, বিমানবন্দরে আনুষ্ঠানিকতা সীমিত করা এবং সংসদ সদস্যদের বিশেষ সুবিধা বাতিলের মতো সিদ্ধান্তও নেওয়া হয়েছে।
অর্থনীতির ক্ষেত্রে বাজার মনিটরিং জোরদার, বিদেশি বিনিয়োগ সহজীকরণ, শ্রমিকদের বেতন ও বোনাস নিশ্চিতকরণ এবং বন্ধ শিল্পকারখানা পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
শিক্ষা খাতে পুনর্ভর্তি ফি বাতিল, আধুনিক ভর্তি ব্যবস্থা চালু, বিদেশে উচ্চশিক্ষায় আর্থিক সহায়তা এবং ধর্মীয় শিক্ষক নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানের মাঠ শিশু-কিশোরদের জন্য উন্মুক্ত রাখা এবং ক্রীড়া উন্নয়ন কর্মসূচিও চালু করা হয়েছে।
স্বাস্থ্য খাতে ই-হেলথ কার্ড চালু এবং এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে সাপ্তাহিক জাতীয় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আইনশৃঙ্খলা রক্ষায় চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং নারীর নিরাপত্তা নিশ্চিত করতে নারী পরিচালিত ‘পিংক বাস’ চালুর নির্দেশ দেওয়া হয়েছে।
রাষ্ট্রীয় শৃঙ্খলা ও মূল্যবোধ জোরদারে সরকারি অফিসে বিদ্যুৎ সাশ্রয়ের উদ্যোগ, অবৈধ স্থাপনা উচ্ছেদ, ২৫ ফেব্রুয়ারিকে ‘জাতীয় শহীদ সেনা দিবস’ ঘোষণা এবং ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল দ্রুত চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।
মাহদী আমিন বলেন, সরকার গঠনের প্রথম ২৮ দিনে নেওয়া পদক্ষেপগুলো প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃঢ় নেতৃত্ব, অক্লান্ত পরিশ্রম এবং জনগণের প্রতি দায়বদ্ধতার প্রতিফলন। তাঁর নেতৃত্ব সাধারণ মানুষের আশা-আকাঙ্ক্ষাকে ধারণ করছে।
স্ট্যাটাসের শেষদিকে তিনি প্রধানমন্ত্রীর একটি স্লোগান উল্লেখ করে বলেন, “সবাই মিলে করবো কাজ, গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ।”





