প্রধানমন্ত্রী তারেক রহমানের আগামীকাল ময়মনসিংহ সফর

খাল পুনঃখনন, নজরুল জন্মজয়ন্তীর জাতীয় অনুষ্ঠান উদ্বোধন ও বিএনপির সাংগঠনিক সভায় যোগ দেবেন তিনি

স্টাফ রিপোর্টার | ২২ মে ২০২৬ | নিউজ চ্যানেল বিডি

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল শনিবার ময়মনসিংহ জেলা সফরে যাচ্ছেন। প্রধানমন্ত্রীর প্রেস উইং জানিয়েছে, এ সফরে তিনি খাল পুনঃখনন কার্যক্রম উদ্বোধন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তীর জাতীয় অনুষ্ঠান উদ্বোধন এবং বিএনপির সাংগঠনিক সভায় অংশ নেবেন।

প্রেস উইং সূত্রে জানা গেছে, শনিবার সকাল ৯টায় সড়কপথে ঢাকা থেকে ত্রিশাল-এর উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী।

দুপুর ১২টায় ত্রিশালের বালর ইউনিয়নের ধরার খাল পুনঃখনন অনুষ্ঠানে উপস্থিত থেকে খাল খনন কার্যক্রমের উদ্বোধন করবেন তিনি।

এরপর দুপুর ২টায় ত্রিশালের নজরুল ডাকবাংলোয় স্বল্প বিরতি শেষে বিকেল ৩টায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষ্যে আয়োজিত জাতীয় অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী। ত্রিশালের নজরুল মঞ্চে আয়োজিত তিন দিনব্যাপী এ অনুষ্ঠানেরও উদ্বোধন করবেন তিনি।

বিকেল ৫টায় ত্রিশালের নজরুল অডিটোরিয়ামে ময়মনসিংহ উত্তর, দক্ষিণ ও মহানগর বিএনপির সাংগঠনিক সভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী।

সফর শেষে সন্ধ্যা সাড়ে ৬টায় সড়কপথে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে।