প্রধানমন্ত্রী তারেক রহমানকে কাছে পেয়ে স্বপ্নপূরণ দৃষ্টিহীন নূরজাহান বেগমের

শাহজাহানপুরে খাদ্য ও বস্ত্র বিতরণ অনুষ্ঠানে আবেগঘন মুহূর্ত

Posted by:

on

স্টাফ রিপোর্টার, ৩০ মে ২০২৬, নিউজ চ্যানেল বিডি।

বয়সের ভারে ন্যুব্জ নূরজাহান বেগম। দৃষ্টিশক্তি হারিয়েছেন অনেক আগেই। তবুও হৃদয়ের গভীরে লালন করে রেখেছিলেন একটি স্বপ্ন। সেই স্বপ্ন ছিল মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার সন্তান, প্রধানমন্ত্রী তারেক রহমানকে একবার কাছ থেকে অনুভব করবেন এবং তাঁর সঙ্গে কথা বলবেন।

শনিবার রাজধানীর শাহজাহানপুরে দুস্থ মানুষের মাঝে খাদ্য ও বস্ত্র বিতরণ কর্মসূচিতে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদৎবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ কর্মসূচিতেই বহুদিনের সেই স্বপ্ন পূরণ হয় নূরজাহান বেগমের।

জানা গেছে, মুন্সিগঞ্জের বিক্রমপুরের বাসিন্দা নূরজাহান বেগম বর্তমানে স্বামী ও সন্তানহীন একাকী জীবনযাপন করছেন। শারীরিক নানা সীমাবদ্ধতা সত্ত্বেও তিনি অনুষ্ঠানে উপস্থিত হন শুধুমাত্র প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কিছুক্ষণ কথা বলার আশায়।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কথা বলার সুযোগ পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন নূরজাহান বেগম। চোখে দেখতে না পারলেও তিনি প্রধানমন্ত্রীর উপস্থিতি অনুভব করেন এবং তাঁর জন্য আন্তরিকভাবে দোয়া করেন।

নূরজাহান বেগমের এই আবেগঘন মুহূর্তের সাক্ষী হন অনুষ্ঠানে উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষ। অনেকেই এ ঘটনাকে মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত হিসেবে অভিহিত করেন।

প্রধানমন্ত্রীর ডেপুটি পেজ সেক্রেটারি জাহিদুল ইসলাম রনির দেওয়া তথ্য অনুযায়ী, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদৎবার্ষিকী উপলক্ষে আয়োজিত দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর বিভিন্ন এলাকায় অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে খাদ্য ও বস্ত্র বিতরণ করা হয়।