প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সম্পদ বিবরণী প্রকাশ

এক বছরে প্রধান উপদেষ্টার সম্পদ বেড়েছে, স্ত্রীর সম্পদ কমেছে


স্টাফ রিপোর্টার, ১০ ফেব্রুয়ারি ২০২৬, নিউজ চ্যানেল বিডি।

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও তাঁর স্ত্রীর ৩০ জুন ২০২৪ এবং ৩০ জুন ২০২৫ তারিখের সম্পদ বিবরণী প্রকাশ করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

প্রকাশিত বিবরণী অনুযায়ী, ড. মুহাম্মদ ইউনূসের মোট সম্পদের পরিমাণ ৩০ জুন ২০২৪ তারিখে ছিল ১৪ কোটি ৩ লাখ ৮১ হাজার ৩১৩ টাকা। এক বছর পর ৩০ জুন ২০২৫ তারিখে তাঁর মোট সম্পদ বেড়ে দাঁড়িয়েছে ১৫ কোটি ৬৬ লাখ ৪৮ হাজার ৩৬৫ টাকায়। এ সময় তাঁর আর্থিক সম্পদ, নন-ফাইন্যান্সিয়াল সম্পদ এবং বিদেশে অবস্থিত সম্পদে বৃদ্ধি দেখা গেছে। উভয় বছরেই তাঁর কোনো ব্যক্তিগত বা ব্যবসায়িক দায় নেই।

অন্যদিকে প্রধান উপদেষ্টার স্ত্রী ড. আফরোজী ইউনূসের মোট সম্পদ ২০২৪ সালে ছিল ২ কোটি ৩২ লাখ ১৮ হাজার ২৩৪ টাকা। ২০২৫ সালে তা কমে দাঁড়িয়েছে ২ কোটি ৮ লাখ ৬৩ হাজার ৩৬০ টাকায়। তাঁর আর্থিক ও নন-ফাইন্যান্সিয়াল সম্পদে হ্রাস দেখা গেলেও ব্যক্তিগত ও ব্যবসায়িক দায় অপরিবর্তিত রয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার লক্ষ্যে নিয়ম অনুযায়ী প্রধান উপদেষ্টার সম্পদ বিবরণী প্রকাশ করা হয়েছে।