স্টাফ রিপোর্টার | ১৭ জুন ২০২৬ | নিউজ চ্যানেল বিডি
মৌলভীবাজার: প্রধানমন্ত্রী তারেক রহমান মৌলভীবাজার সফরকালে সাবেক সংসদ সদস্য ও বিএনপির প্রবীণ নেত্রী খালেদা রাব্বানী-এর বাসভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
বুধবার শ্রীমঙ্গলে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতে অংশগ্রহণ শেষে তিনি মৌলভীবাজার শহরের শাহ মোস্তফা রোডে অবস্থিত খালেদা রাব্বানীর বাসভবনে যান।
সাক্ষাৎকালে খালেদা রাব্বানী আবেগাপ্লুত হয়ে পড়েন এবং সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান-সহ তার দীর্ঘ রাজনৈতিক জীবনের বিভিন্ন স্মৃতিচারণ করেন। একপর্যায়ে তিনি পুরোনো কিছু ছবিও প্রধানমন্ত্রীকে দেখান।
আবেগঘন পরিবেশে প্রধানমন্ত্রী তারেক রহমান খালেদা রাব্বানীকে সন্তানের মতো স্নেহে জড়িয়ে ধরে সান্ত্বনা দেন এবং তার খোঁজখবর নেন।
পরে প্রধানমন্ত্রী তার সঙ্গে কিছু সময় কাটান এবং পরিবারের সদস্যদের কাছ থেকে তার চিকিৎসা ও সার্বিক শারীরিক অবস্থার বিষয়ে বিস্তারিত জানতে চান। তিনি খালেদা রাব্বানীর দ্রুত সুস্থতা কামনা করেন।
এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, মৌলভীবাজার জেলা পরিষদের প্রশাসক মিজানুর রহমান মিজান, স্থানীয় বিএনপির নেতাকর্মী এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রাজনৈতিক জীবনে খালেদা রাব্বানী কেন্দ্রীয় বিএনপির মহিলা বিষয়ক সম্পাদক, মৌলভীবাজার জেলা বিএনপির সভাপতি এবং জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি দ্বিতীয়, পঞ্চম ও ষষ্ঠ জাতীয় সংসদে মহিলা আসন-২৫ থেকে এবং অষ্টম জাতীয় সংসদে মহিলা আসন-১০ থেকে মনোনীত সংসদ সদস্য ছিলেন।





