ঢাকা, ২৫ — দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র হলে প্রয়োজনে ১৯৭১ সালের মতোই জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, বিএনপি কখনো হত্যা, খুন কিংবা নৈরাজ্যের রাজনীতিতে বিশ্বাস করে না, তবে এর অর্থ এই নয় যে দলটি নিশ্চুপ থাকবে।
এক রাজনৈতিক সমাবেশে মির্জা আব্বাস বলেন, ১৯৭১ সালে রক্ত দিয়ে অর্জিত স্বাধীনতা এবং ২০২৪ সালে জনগণ যে কথা বলার অধিকার আদায় করেছে, তা নতুন করে ছিনিয়ে নেওয়ার চেষ্টা চলছে। পরিকল্পিতভাবে ধারাবাহিক ঘটনা ঘটিয়ে দেশের গণতান্ত্রিক অধিকার হরণ করার অপচেষ্টা চলছে বলেও অভিযোগ করেন তিনি।
তিনি আরও বলেন, জনগণকে বিভক্ত করে কিছু মহল ‘পানি ঘোলা করে মাছ শিকার’-এর চেষ্টা করছে। এ সময় দেশের সর্বস্তরে সাধারণ মানুষের অসহায়তার চিত্র তুলে ধরে তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেভাবে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছিলেন, আজ তার দল বিএনপিও সেই মানুষের পাশে থাকবে।
ঢাকা শহরে কোনো ধরনের ষড়যন্ত্রমূলক বা সহিংস কর্মকাণ্ড করতে দেওয়া হবে না বলেও সতর্কবার্তা দেন বিএনপির এই নেতা।





