স্টাফ রিপোর্টার | নিউজ চ্যানেল বিডি | ঢাকা |
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বর্তমান যুগ হচ্ছে প্রযুক্তির যুগ। চতুর্থ শিল্প বিপ্লবের পর এখন প্রযুক্তিকে রপ্ত করা ছাড়া সামনে এগিয়ে যাওয়ার আর কোনো উপায় নেই।
তিনি বলেন, “যুগটাই হচ্ছে আপনার প্রযুক্তির যুগ, ফোর্থ রেভলিউশনের পরে এখন আপনার কোন উপায় নেই। সুতরাং আমাদের সকলের দায়িত্ব, বিশেষ করে এটাকে দ্রুত অতি দ্রুত রপ্ত করে তার মাধ্যমেই আমাদেরকে সামনের দিকে এগিয়ে যাওয়ার কাজটা করা। আমরা এ কথা বলতে দ্বিধা নেই, এক্ষেত্রে আমরা কিছুটা পিছিয়ে আছি। আমি অনুরোধ করব আমাদের দলের সর্বক্ষেত্রের নেতৃবর্গকে বলব— আপনার নিজেরা উদ্যোগ নিয়ে ডিজিটালি যেন আমরা আরো সামনের দিকে, এই প্রজেক্ট, আইটি প্রজেক্টের ক্ষেত্রে যেন এগিয়ে যেতে পারি, তার জন্য আমরা উদ্যোগ নেব।”
তারেক রহমান দলের নেতাকর্মীদের উদ্দেশে আরও বলেন, “আমি একটা কথা আপনাদের খুব পরিষ্কার করে বলি— মনে করবেন না ধরেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় একটা স্ট্যাটাস দিলেন, উনি টুইটারে সাধারণত বক্তব্য দেন। আমরা যারা আছি, সেটা দেখলাম, কিন্তু খুব কম সংখ্যক লোক সেটাকে লাইক দেই বা কমেন্ট করি। এটা খুব জরুরি— উনার বক্তব্যটাকে সাপোর্ট করা, উনাকে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেওয়া।”
বিএনপিকে চরাই–উতরাই পেরিয়ে জনপ্রিয়তার শীর্ষে নিয়ে আসার জন্য রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান ও দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে এবং নির্বাহী কমিটির সদস্য আবদুস সাত্তার পাটোয়ারীর সঞ্চালনায় অনুষ্ঠিত এই আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, অধ্যাপক জাহিদ হোসেন, যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির, মিডিয়া সেলের আহ্বায়ক মওদুদ হোসেন আলমগীর পাভেল, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকন, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক একেএম ওয়াহিদুজ্জামান, সহ–সম্পাদক সাইফ আলী খান প্রমুখ বক্তব্য দেন।





