স্টাফ রিপোর্টার | ১১ জানুয়ারি ২০২৬ | নিউজ চ্যানেল বিডি
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় অনিয়ম ও জালিয়াতির অভিযোগে পরীক্ষা বাতিলের দাবিতে মানববন্ধন ও ঘেরাও কর্মসূচি পালন করেছেন চাকরি প্রত্যাশীরা। রোববার সকালে রাজধানীর মিরপুরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সামনে কনকনে শীত উপেক্ষা করে এ কর্মসূচি পালন করা হয়।
আন্দোলনকারীরা অভিযোগ করেন, শনিবার অনুষ্ঠিত শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস ও ডিজিটাল ডিভাইস ব্যবহার করে জালিয়াতি করা হয়েছে। এতে প্রকৃত মেধাবীরা চরমভাবে বঞ্চিত হয়েছেন। পরীক্ষার্থীদের ভাষ্য, সারা রাত পরিশ্রম করে পরীক্ষায় অংশ নিয়ে বের হয়ে জানতে হচ্ছে— প্রশ্নফাঁস হয়েছে, দুর্নীতির মাধ্যমে অনেকে সুবিধা নিয়েছে।
মানববন্ধনে অংশ নেওয়া চাকরি প্রত্যাশীরা পাঁচ দফা দাবি উত্থাপন করেন। দাবিগুলোর মধ্যে রয়েছে—
- প্রশ্নফাঁস ও জালিয়াতিতে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি
- শনিবারের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল
- নতুন প্রশ্নপত্রে স্বচ্ছ প্রক্রিয়ায় পুনরায় পরীক্ষা গ্রহণ
- নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতি বন্ধে কার্যকর ব্যবস্থা
- পরীক্ষার্থীদের নিরাপত্তা ও ন্যায়বিচার নিশ্চিত করা
পরীক্ষার্থীরা অভিযোগ করেন, পরীক্ষা বাতিল তো দূরের কথা, কর্তৃপক্ষ এখনো ভবিষ্যৎ পদক্ষেপ নিয়ে কোনো আশ্বাস দেয়নি। দ্রুত দাবি না মানা হলে আরও বড় আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।
এদিকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক দাবি করেছেন, প্রশ্নপত্র প্রণয়ন থেকে শুরু করে পরীক্ষা কেন্দ্র পর্যন্ত সর্বোচ্চ নজরদারি নিশ্চিত করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থার তথ্যমতে এখন পর্যন্ত প্রশ্নফাঁসের কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে তিনি জানান।
তিনি আরও বলেন, অনিয়মের প্রমাণসহ লিখিত অভিযোগ বা স্মারকলিপি জমা দেওয়া হলে তা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে ৬১টি জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট সংস্থার পক্ষ থেকেও প্রশ্নফাঁসের কোনো তথ্য পাওয়া যায়নি বলে উল্লেখ করেন তিনি।
তবে চাকরি প্রত্যাশীদের দাবি, যথাযথ ব্যবস্থা না নিলে আন্দোলন আরও জোরদার করা হবে।





