প্রার্থী মনোনয়ন নিয়ে অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান বিএনপি’র

নমিনেশন সংবাদ ভিত্তিহীন গুজব

অ্যাডভোকেট রুহুল কবির রিজভী
সিনিয়র যুগ্ম মহাসচিব-বিএনপি

সুপ্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা,
আসসালামু আলাইকুম। সবাইকে জানাচ্ছি আমার আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা।

বর্তমানে পতিত, পরাজিত ও পলাতক স্বৈরাচারমুক্ত বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার পথে এগিয়ে যাচ্ছে। এই সময় কুচক্রী মহল নানা অপতথ্য ও ষড়যন্ত্রের বীজ বুনতে শুরু করেছে। তারা একের পর এক বয়ান তৈরি করে বহুমুখী অশুভ তৎপরতার মাধ্যমে জনমনে বিভ্রান্তি ছড়াচ্ছে।

আমরা লক্ষ্য করছি—যারা অতীতে বিএনপিকে নিয়ে মিথ্যাচার করেছে, তারাই এখন কিছু গণমাধ্যমকে ব্যবহার করে বিএনপি’র নামে অসত্য সংবাদ পরিবেশন করছে। একইসঙ্গে দেখা যাচ্ছে, গণহত্যাকারী নিষিদ্ধ সংগঠন ফ্যাসিস্ট আওয়ামী লীগকে পুনর্বাসন করার গোপন মিশনে নেমেছে একটি চক্র।

সাম্প্রতিক সময়ে কিছু গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় বিএনপি’র মনোনয়নের কথিত তালিকা প্রকাশ করে বিভ্রান্তি, অসন্তোষ ও বিশৃঙ্খলা উস্কে দেয়ার চেষ্টা করা হচ্ছে। বিএনপি স্পষ্ট জানাচ্ছে—আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। উপযুক্ত সময়ে দলের নির্ধারিত প্রক্রিয়ায় যাচাই-বাছাই করে যোগ্য, জনপ্রিয় ও জনগণের কাছে গ্রহণযোগ্য প্রার্থীর নাম ঘোষণা করা হবে।

*এখন পর্যন্ত কোনো এলাকায় কোনো প্রার্থীকে ‘সবুজ সংকেত’ দেয়া হয়নি।
* বিএনপি’র মনোনয়ন দেয়া হয় গঠনতান্ত্রিক উপায়ে, কোনো গোপন সংকেতের মাধ্যমে নয়।
* জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী মনোনয়নের দায়িত্ব একমাত্র পার্লামেন্টারি বোর্ডের, এবং বোর্ডের সিদ্ধান্তই চূড়ান্ত।

সুতরাং পত্রিকা বা সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত কোনো মনগড়া খবরে বিভ্রান্ত না হওয়ার জন্য সারাদেশের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানাচ্ছি।

ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনা—

প্রতিটি এলাকায় ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

ইস্পাত কঠিন ঐক্য ধরে রাখতে হবে।

জনগণের সঙ্গে সম্পৃক্ত থাকতে হবে এবং কোনোভাবেই জনগণ বিরক্ত হয় এমন কর্মকাণ্ডে জড়ানো যাবে না।

মনোনয়ন প্রত্যাশীদের আরো ঐক্যবদ্ধ ও জনবান্ধব হতে হবে।

সারাদেশে ডোর টু ডোর প্রচারণায় জনগণের মুক্তির সনদ ৩১ দফা তুলে ধরতে হবে।

জনাব তারেক রহমান সবসময় একটি কথা বলেন, যা বিএনপি মনেপ্রাণে বিশ্বাস করে—জনগণই বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস। জনগণ আমাদের সঙ্গে থাকলে কোনো প্রোপাগান্ডাই বিএনপি থেকে জনগণকে বিচ্ছিন্ন করতে পারবে না।

তাঁর আহ্বান—
“জনগণের ভালোবাসায় থাকুন, জনগণকে ভালোবাসায় রাখুন।”