ফার্মগেটে মেট্রোরেল দুর্ঘটনায় পথচারী নিহত,২য় দিন ও রাজধানীজুড়ে তীব্র যানজট

ফার্মগেটে মেট্রোরেলের পিলার থেকে বিয়ারিং প্যাড পড়ে পথচারীর মৃত্যু; রাজধানীজুড়ে দীর্ঘ যানজটে ভোগান্তিতে নগরবাসী, ৫ লাখ টাকা ক্ষতিপূরণ ও চাকরির আশ্বাস পরিবারের জন্য

Posted by:

on

স্টাফ রিপোর্টার | ২৭ অক্টোবর ২০২৫, রোববার | নিউজ চ্যানেল বিডি

রাজধানীর ফার্মগেটে মেট্রোরেলের একটি পিলার থেকে বিয়ারিং প্যাড পড়ে এক পথচারীর মৃত্যু হয়েছে। রোববার (২৬ অক্টোবর) দুপুর ১২টার পর ফার্মগেট মেট্রোরেল স্টেশনের নিচে এ দুর্ঘটনা ঘটে।

সঙ্গে থাকা পাসপোর্ট অনুযায়ী নিহত ব্যক্তির নাম আবুল কালাম (৪৫), বাড়ি শরীয়তপুরে। দুর্ঘটনার পরপরই রাজধানীজুড়ে সৃষ্টি হয় তীব্র যানজট, বিশেষ করে ফার্মগেট, কারওয়ান বাজার, বিজয় সরণি ও শাহবাগ এলাকায় যান চলাচল প্রায় স্থবির হয়ে পড়ে।

দিয়াবাড়ি থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল চালু থাকলেও গোটা ঢাকা শহর পরিণত হয়েছে যানজটের নগরীতে। বিশেষজ্ঞরা বলছেন, ৫ আগস্টের পর থেকে প্রধান সড়কে অটোরিকশা ও রিকশার অবাধ চলাচলও এই যানজট পরিস্থিতিকে আরও প্রকট করে তুলেছে।

দুর্ঘটনার পর সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ উপদেষ্টা ফাওজুল কবির খান ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, নিহত ব্যক্তির পরিবারকে ৫ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে এবং তাদের মধ্যে কর্মক্ষম কেউ থাকলে মেট্রোরেলে চাকরির সুযোগ দেওয়া হবে।

তিনি বলেন, “নিহতের পরিবারের সব দায়-দায়িত্ব মেট্রোরেল কর্তৃপক্ষ গ্রহণ করবে। আহতদের চিকিৎসার দায়িত্বও আমরা নিচ্ছি, আমি নিজে হাসপাতালে যাচ্ছি তাদের খোঁজ নিতে।”

এ ঘটনায় সেতু বিভাগের সচিব মোহাম্মদ আব্দুর রউফকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে দুই সপ্তাহের মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে গত ১৮ সেপ্টেম্বর একই ধরনের ঘটনায় মেট্রোরেলের একটি বিয়ারিং প্যাড খুলে পড়ার কারণে আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত ট্রেন চলাচল ১১ ঘণ্টা বন্ধ ছিল।