স্টাফ রিপোর্টার | ২৩ জানুয়ারি ২০২৬নিউজ চ্যানেলবিডি
ঢাকা: আগামী ফেব্রুয়ারির নির্বাচন স্বাধীন ও নতুন বাংলাদেশের চেতনা টিকে থাকবে নাকি দেশ আবার অন্ধকার ও স্বৈরাচারের পথে ফিরে যাবে, তা নির্ধারণ করবে বলে মন্তব্য করেছেন রাজনৈতিক নেতা আবদুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি বলেন, এই নির্বাচন শুধু ক্ষমতা বদলের নয়, এটি ভবিষ্যৎ বাংলাদেশ কোন পথে যাবে তার সিদ্ধান্তের নির্বাচন।
একটি সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, “যে বিপ্লবের মাধ্যমে আমরা মাথা উঁচু করে দাঁড়াতে চাই, সেই চেতনাকে নষ্ট করে একটি দল আবার বিদেশি শক্তির সঙ্গে আপোষ করে দেশ শাসন করতে চায়। বাংলাদেশকে বিক্রি করে দেওয়ার এই চেষ্টা দেশের চার কোটি যুবক কখনোই মেনে নেবে না, ইনশাআল্লাহ।”
তাহের বলেন, তাদের সরকার গঠিত হলে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে। কোনো দুর্নীতিবাজ এই দেশের শাসনক্ষমতায় থাকতে পারবে না। এদেশের মানুষ আর চাঁদাবাজদের ভোট দেবে না, দখলদারদের ভোট দেবে না।
তিনি অভিযোগ করেন, স্বৈরাচারের পতনের পর গত দুই বছরে চাঁদাবাজির জায়গাগুলো দখল করেছে আরেকটি দল। অনেক বড় ব্যবসায়ী তার কাছে অভিযোগ করেছেন, আগে যেখানে ১০ টাকা চাঁদা দিতে হতো, এখন সেখানে ২০ টাকা দিতে হচ্ছে। রিকশাচালক, ছোট দোকানদার, বাসস্ট্যান্ড ও বালুর ব্যবসায়ীসহ সাধারণ মানুষ চাঁদাবাজির জ্বালায় অতিষ্ঠ হয়ে পড়েছে।
আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, “আমরা এমন একটি দেশ গড়তে চাই যেখানে চাঁদাবাজি থাকবে না, মানুষের অধিকার থাকবে, উচ্চশিক্ষার সুযোগ থাকবে, সম্মান ও মর্যাদা থাকবে। বাংলাদেশ স্বাধীনভাবে মাথা উঁচু করে দাঁড়াবে, ইনশাআল্লাহ।”
সমাবেশে ভুয়া ফ্যামিলি কার্ড বিতরণ প্রসঙ্গে তিনি বলেন, এসব কার্ড সম্পূর্ণ বেআইনি। এ বিষয়ে তিনি প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে কথা বলেছেন এবং নির্বাচন কমিশন জানিয়েছে, এ ধরনের কার্ড বিতরণ নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন।
তিনি উপস্থিত প্রশাসনের উদ্দেশে বলেন, যারা এ ধরনের ভুয়া কার্ড নিয়ে জনগণকে প্রতারণা করবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। “যারা নির্বাচন শুরুর আগেই প্রতারণা করছে, তারা নির্বাচিত হলে কী করবে, সেটা জনগণের বুঝতে বাকি নেই,” বলেও মন্তব্য করেন তিনি।





