ফেব্রুয়ারির প্রথমার্ধে উৎসবমুখর পরিবেশে নির্বাচন হবে: প্রধান উপদেষ্টা

ছবি: প্রেস উইং

ঢাকা, ২ সেপ্টেম্বর ২০২৫ (বাসস): বাধাগ্রস্ত করার যে চেষ্টাই হোক না কেন, ফেব্রুয়ারির প্রথমার্ধে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।

মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাতটি রাজনৈতিক দল ও একটি সংগঠনের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন। বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের ব্রিফ করেন।

প্রধান উপদেষ্টা বলেন, “আনন্দ ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন হবে। যারা জীবনে কখনো ভোট দিতে পারেনি, তাদের জন্য এ নির্বাচনে ভালো অভিজ্ঞতা দিতে হবে। যারা ভোট দিতে গিয়ে পূর্বে তিক্ত অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন, তারাও যেন ইতিবাচক অভিজ্ঞতা পান। কেউ যেন বলতে না পারে—আমাকে ভোট দিতে দেয়া হয়নি।”

তিনি আরও বলেন, “অন্তর্বর্তীকালীন সরকারকে নির্বাচন পর্যন্ত পৌঁছাতে না দিতে যারা চায়, তারা নানা রকমভাবে বাধা দেওয়ার চেষ্টা করবে। কিছু লক্ষণ ইতিমধ্যেই দেখা যাচ্ছে, সামনে আরও দেখা দেবে। এজন্য আমাদের সতর্ক থাকতে হবে। নির্বাচন হবে ফেব্রুয়ারির প্রথমার্ধে, এবং নির্বাচিত সরকারের হাতে আমরা ক্ষমতা হস্তান্তর করব।”

নির্বাচনকে অনন্য অভিহিত করে প্রফেসর ইউনূস বলেন, “এটি কেবল অন্তর্বর্তীকালীন সরকারের নির্বাচন নয়, এটি দেশের সব মানুষের, সব রাজনৈতিক দলের নির্বাচন। এই নির্বাচনের আকাঙ্ক্ষা হলো ভবিষ্যতের বাংলাদেশ নির্মাণ। সবাই যেন পরিবার-পরিজন নিয়ে ভোটকেন্দ্রে যেতে পারেন এবং এ অভিজ্ঞতাকে সারাজীবন মনে রাখতে পারেন।”

দুর্গাপূজার সময় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, “সারাদেশে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা আমাদের দায়িত্ব। অনেক গণ্ডগোল তৈরির চেষ্টা হবে, তবে সবাইকে সতর্ক থাকতে হবে। এ বছরও দুর্গাপূজা উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে উদযাপিত হবে।”

এদিনের বৈঠকে এবি পার্টি, নাগরিক ঐক্য, গণসংহতি আন্দোলন, গণঅধিকার পরিষদ, এলডিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয় গণফ্রন্ট এবং হেফাজতে ইসলাম বাংলাদেশ অংশ নেয়।

বৈঠক শেষে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের সহধর্মিনী মারিয়া আক্তার, সাধারণ সম্পাদক রাশেদ খান এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তিনি নূরকে সুচিকিৎসার জন্য বিদেশে পাঠানোর নির্দেশ দেন স্বাস্থ্য মন্ত্রণালয়কে।