ফ্যামিলি কার্ড উদ্বোধনে ১০ মার্চ বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী

পাইলট প্রকল্পের আওতায় মাসে ২,৫০০ টাকা সহায়তা পাবে উপকারভোগী পরিবার

স্টাফ রিপোর্টার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬, নিউজ চ্যানেল বিডি।

ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করতে আগামী ১০ মার্চ বগুড়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বগুড়া সদর উপজেলায় এ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হবে বলে সরকারি সূত্রে জানা গেছে।

স্থানীয় সরকারের প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছেন, উদ্বোধনী কার্যক্রমের জন্য বগুড়া সদর উপজেলার শাখারিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডকে পরীক্ষামূলক এলাকা হিসেবে নির্ধারণ করা হয়েছে। এখান থেকেই প্রথম ধাপে ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু হবে।

সরকারের নির্বাচনী অঙ্গীকারের অংশ হিসেবে চালু হওয়া এই কর্মসূচির আওতায় প্রতিটি কার্ডধারী পরিবারকে মাসিক ২,৫০০ টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে। প্রাথমিকভাবে ১৪টি ইউনিয়নের ১৪টি ওয়ার্ডে পাইলট প্রকল্প হিসেবে এটি বাস্তবায়ন করা হবে।

পাইলট কার্যক্রম সফল হলে পর্যায়ক্রমে দেশের অন্যান্য উপজেলায় এই সুবিধা সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।