বর্তমান সংবিধানে গণভোটের সুযোগ নেই: আমীর খসরু

বর্তমান সংবিধানে গণভোটের কোনো বিধান নেই বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তবে রাজনৈতিক সহনশীলতা ও স্থিতিশীলতা বজায় রাখতে বিএনপি উদারভাবে নির্বাচনের দিন গণভোটে রাজি হয়েছে বলে মন্তব্য করেন তিনি। —

Posted by:

on

ঢাকা │ নিজস্ব প্রতিবেদক │ নিউজ চ্যানেল বিডি:

বর্তমান সংবিধানেই ‘গণভোট করার সুযোগ নেই’ বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
রোববার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি ভবনের ক্রাইম রিপোর্টার্স মিলনায়তনে এক গ্রন্থ প্রকাশনা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

আমীর খসরু বলেন,

“বাংলাদেশে বর্তমানে একটি সংবিধান আছে যেই সংবিধানের অধীনে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে। এই সংবিধানে গণভোটের কোনো প্রভিশন নাই, কোনো অপশন নাই। সুতরাং আমাকে সংবিধান মানতে হবে।”

তিনি আরও বলেন,

“গণভোট সবসময় হয় সংসদে কোনো বিষয় পাস করার পর জনগণের মতামত নিতে। কিন্তু আগে থেকে গণভোটের কোনো সুযোগ এই সংবিধানে নেই। নির্বাচনের দিনেও গণভোটের বিধান সংবিধানে নেই।”

সংবিধানে গণভোটের সুযোগ না থাকলেও বিএনপি কেন গণভোটে রাজি হয়েছে, তার ব্যাখ্যা দিতে গিয়ে আমীর খসরু বলেন,

“তারপরও বিএনপি খুব উদার হয়ে দেশের রাজনৈতিক সহনশীলতা, পরস্পরের প্রতি সম্মানবোধ ও স্থিতিশীলতা বজায় রাখার স্বার্থে নির্বাচনের দিন গণভোটে রাজি হয়েছে। এটা বিএনপির উদারতা।”

তিনি বলেন,

“যেখানে নোট অব ডিসেন্ট বা দ্বিমত পোষণ করা হয়েছে, সেটা ঐক্যমত্য হয়নি। ঐক্যমত্য না হওয়া বিষয় গণভোটে যাওয়ারও নিয়ম নেই। তাও আমরা রাজি হয়েছি, কারণ বিএনপি সহনশীল রাজনীতি চায়, দেশে স্থিতিশীলতা চায় এবং গণতান্ত্রিক চেতনা ধরে রাখতে চায়।”

অনুষ্ঠানে তিনি আরও বলেন,

“মানুষ এখন নির্বাচনের মাধ্যমে মুক্তি চায়। বিনিয়োগ, ব্যবসা-বাণিজ্য, এমনকি পারিবারিক সিদ্ধান্ত—সবই এখন স্থগিত। সবাই অপেক্ষা করছে নির্বাচনের পরের সময়ের জন্য। এই পরিস্থিতিতে যারা নির্বাচন বিলম্বিত করতে চায়, তারা গণতন্ত্রের পক্ষের মানুষ নয়।”

লেখক মোহাম্মদ ফয়েজ উদ্দিনের ‘আগামীর উন্নত জাতি গঠনের দিক-নির্দেশনামূলক সুপারিশ’ শীর্ষক গ্রন্থ প্রকাশনা উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাহীন আবদুল বারী।
অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এনামুল হক চৌধুরী, প্রচার সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু, যুবদল দক্ষিণের আহ্বায়ক খন্দকার এনামুল হক এনাম প্রমুখ উপস্থিত ছিলেন।