‘বাংলাদেশের গণতন্ত্র শক্তিশালী ভিত্তিতে এগোচ্ছে’ — সালাউদ্দিন আহমেদ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ ও সুষ্ঠু; নতুন সরকার গঠনের প্রস্তুতি, শপথ ও মন্ত্রিসভা ঘোষণা অপেক্ষমাণ

স্টাফ রিপোর্টার |১৩ ফেব্রুয়ারি, ২০২৬ নিউজ চ্যানেল বিডি

আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে আমরা শুকরিয়া আদায় করছি। বাংলাদেশের বহুল প্রত্যাশিত জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে ভোটাররা ধৈর্য ধরে অংশগ্রহণ করেছেন এবং ভোট প্রয়োগের পরও পাহারা দিয়েছেন। দুই-তিনটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া উল্লেখযোগ্য কোনো সমস্যা দেখা যায়নি।

সালাউদ্দিন আহমেদ বলেন, বিএনপির প্রতি জনগণের আস্থা এবং ধানের শীষ প্রতীকের প্রতি বিশ্বাসের জন্য আমরা সকল ভোটার ও এলাকার মানুষকে ধন্যবাদ জানাই। দীর্ঘ ১৭ বছর পর গণতান্ত্রিকভাবে ভোটের মাধ্যমে দেশের নতুন যাত্রা শুরু হয়েছে।

তিনি জানান, জনাব তারেক রহমানের নেতৃত্বে বিএনপির সরকার অল্প কয়েক দিনের মধ্যে গঠিত হলে, দেশের গণতান্ত্রিক কাঠামো, সংবিধান সংশোধন এবং ৩১ দফার উদ্দেশ্য বাস্তবায়ন করা হবে। তিনি উল্লেখ করেন, দেশের ভবিষ্যৎ প্রজন্মের আশা অনুযায়ী বাংলাদেশ মেধা, প্রযুক্তি ও জ্ঞাননির্ভর রাষ্ট্রে রূপান্তরিত হবে।

সালাউদ্দিন আহমেদ আরও বলেন, শক্তিশালী সাম্য, মানবিক মর্যাদা ও সুশাসন প্রতিষ্ঠার জন্য তিনটি বিষয়কে বেশি গুরুত্ব দেওয়া হবে—আইনের শাসন, অর্থনৈতিক সমৃদ্ধি এবং দুর্নীতি নির্মূল।

তিনি আশা প্রকাশ করেন, আজ বিকেলের মধ্যে নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে গ্যাজেট নোটিফিকেশনের মাধ্যমে ফলাফল ঘোষণা করবেন এবং এরপর সংসদ সদস্যদের শপথ গ্রহণ প্রক্রিয়া শুরু হবে।

এছাড়া আন্তর্জাতিক সম্পর্ক প্রসঙ্গে তিনি বলেন, প্রতিবেশী দেশ ও বিশ্বের সকল দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকবে, যা সমান অধিকার, মর্যাদা ও পারস্পরিক সম্মানের ভিত্তিতে গড়ে তোলা হবে। মন্ত্রিসভা কেমন হবে তা জানা এখন অপেক্ষার বিষয়।