বাংলাদেশ-ইতালি সম্পর্ক আরও জোরদারে গুরুত্বারোপ

বৈধ অভিবাসন বৃদ্ধি ও প্রযুক্তিগত সহযোগিতার ওপর জোর

স্টাফ রিপোর্টার | ১৯ মে ২০২৬ | নিউজ চ্যানেল বিডি

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন-এর সঙ্গে মন্ত্রণালয়ে তার অফিস কক্ষে আজ সকালে বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো সৌজন্য সাক্ষাৎ করেছেন।

এ সময় প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে ইতালির রাষ্ট্রদূত তথ্যমন্ত্রীকে দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানান। তিনি বাংলাদেশ ও ইতালি-র মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে বলেন, ইতালিতে বিপুল সংখ্যক বাংলাদেশি অভিবাসী অত্যন্ত সুনামের সঙ্গে কাজ করছেন এবং তারা উভয় দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন।

রাষ্ট্রদূত এ সময় বাংলাদেশসহ বিভিন্ন দেশ থেকে সমুদ্রপথে ইতালিতে অবৈধ ও ঝুঁকিপূর্ণ অভিবাসনের বিষয়টিও তুলে ধরেন।

তথ্যমন্ত্রী দুই দেশের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, ইতালি বাংলাদেশি অভিবাসীদের জন্য একটি জনপ্রিয় গন্তব্য।

এ সময় তিনি বৈধ পথে আরও বেশি বাংলাদেশি অভিবাসী গ্রহণের জন্য ইতালি সরকারের প্রতি অনুরোধ জানান। পাশাপাশি গণযোগাযোগ, ডিজিটাল প্ল্যাটফর্ম ও সম্প্রচার খাতে ইতালির সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে যৌথভাবে কাজ করার প্রস্তাব দেন।

ইতালির অভিজ্ঞতা ও প্রযুক্তিগত উন্নয়নের প্রসঙ্গ তুলে ধরে তথ্যমন্ত্রী এ খাতে ‘নলেজ শেয়ারিং’-এর বিষয়ে আগ্রহ প্রকাশ করেন। এছাড়া দুই দেশের মধ্যে বাণিজ্য সম্পর্ক জোরদারে পণ্যের বহুমুখীকরণের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টাও বাংলাদেশ থেকে বৈধ পথে ইতালিতে অভিবাসন বৃদ্ধির অনুরোধ জানান।

জবাবে ইতালির রাষ্ট্রদূত জানান, বাংলাদেশ থেকে ইতালিতে অভিবাসন কার্যক্রম চলমান রয়েছে এবং গত এক বছরে বাংলাদেশ থেকে প্রায় ২০ হাজার মানুষ ইতালিতে অভিবাসী হয়েছেন।