স্টাফ রিপোর্টার, ১৬ নভেম্বর ২০২৫, নিউজ চ্যানেল বিডি।
কাতারের রাজধানী দোহায় আজ রোববার বাংলাদেশ ও কাতার সশস্ত্র বাহিনীর মধ্যে বহুল প্রতীক্ষিত “বাংলাদেশ সশস্ত্র বাহিনী হতে কাতার সশস্ত্র বাহিনীতে জনবল নিয়োগ” সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয়েছে। দীর্ঘদিনের আলোচনার পর সম্পন্ন হওয়া এই চুক্তি দুই দেশের প্রতিরক্ষা সহযোগিতাকে আরও সুদৃঢ় করবে বলে আশা করা হচ্ছে।
চুক্তিতে স্বাক্ষর করেন বাংলাদেশ সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসান এবং কাতার সশস্ত্র বাহিনীর চীফ অফ স্টাফ লেফটেন্যান্ট জেনারেল (পাইলট) জাসিম বিন মোহাম্মদ আল মান্নাই। অনুষ্ঠানে কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ হযরত আলী খান, ডেলিগেশন সদস্য এবং দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
চুক্তি অনুযায়ী, বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সদস্যরা কাতার সশস্ত্র বাহিনীতে প্রেষণে নিয়োগ পাওয়ার সুযোগ পাবেন। প্রাথমিকভাবে প্রায় ৮০০ জন সদস্যকে কাতারে পাঠানো হবে। তাদের নিয়োগ দেওয়া হবে ৩ বছরের জন্য, এবং কর্মদক্ষতা সন্তোষজনক হলে মেয়াদ ৬ বছর পর্যন্ত বাড়ানো যাবে।
এ চুক্তির ফলে কাতার তাদের সশস্ত্র বাহিনীতে দক্ষ জনবল পাবে, অন্যদিকে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সদস্যরা আর্থিকভাবে উপকৃত হবেন এবং দেশ উল্লেখযোগ্য পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করবে। দুই দেশের দীর্ঘদিনের কূটনৈতিক সম্পর্কও আরও সুদৃঢ় হবে।
সফরকালে বাংলাদেশের প্রিন্সিপাল স্টাফ অফিসার কাতার সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা, সামরিক বাহিনী এবং সামরিক শিল্প সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের সাথে গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক আলোচনায় অংশ নেবেন।
উল্লেখ্য, প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস গত ২১–২৫ এপ্রিল ২০২৫ তারিখে “আর্থনা” সম্মেলনে যোগ দিতে কাতার সফর করেন। ওই সফরের ফলপ্রসূ কূটনৈতিক প্রচেষ্টারই ধারাবাহিকতায় দুই দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে এই গুরুত্বপূর্ণ চুক্তি বাস্তবায়ন দ্রুততর হয়েছে।





