স্টাফ রিপোর্টার, ১৬ জানুয়ারি ২০২৬, নিউজ চ্যানেল বিডি।
যুক্তরাষ্ট্র বাংলাদেশ ও পাকিস্তানসহ বিশ্বের অন্তত ৭৫টি দেশের নাগরিকদের জন্য ভিসা কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে। আগামী ২১ জানুয়ারি থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে বলে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর মূলত ইমিগ্র্যান্ট ভিসা (স্থায়ী বসবাসসংক্রান্ত ভিসা) প্রক্রিয়া সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। এর ফলে সংশ্লিষ্ট দেশগুলোর নাগরিকরা নতুন করে ইমিগ্র্যান্ট ভিসার আবেদন করতে পারবেন না এবং চলমান আবেদনগুলোর প্রক্রিয়াও স্থগিত থাকতে পারে।
মার্কিন প্রশাসনের দাবি, অভিবাসন ব্যবস্থার নিরাপত্তা জোরদার এবং আবেদনকারীদের আর্থিক সক্ষমতা ও অন্যান্য বিষয় পুনর্মূল্যায়নের অংশ হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশেষ করে যেসব আবেদনকারী ভবিষ্যতে সরকারি সহায়তার ওপর নির্ভরশীল হতে পারেন—এমন আশঙ্কা থাকলে তাদের ক্ষেত্রে কঠোর নীতি অনুসরণ করা হবে।
যদিও এখনো যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ৭৫টি দেশের পূর্ণ তালিকা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি, তবে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্যে বাংলাদেশ ও পাকিস্তানের নাম অন্তর্ভুক্ত থাকার কথা উল্লেখ করা হয়েছে।
তবে প্রাথমিকভাবে জানা গেছে, এই স্থগিতাদেশ পর্যটক, ব্যবসা বা শিক্ষার্থী ভিসার ক্ষেত্রে প্রযোজ্য নয়; মূলত স্থায়ী অভিবাসন-সংক্রান্ত ভিসাই এর আওতায় পড়ছে।
এই সিদ্ধান্তে বাংলাদেশসহ সংশ্লিষ্ট দেশগুলোর হাজারো ভিসা প্রত্যাশীর মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্রের পরবর্তী ঘোষণা ও নির্দেশনার দিকে তাকিয়ে আছেন ভুক্তভোগীরা।





