স্টাফ রিপোর্টার | ২৬ জুন ২০২৬ | নিউজ চ্যানেল বিডি
বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে চীন পর্যন্ত একটি অর্থনৈতিক করিডোর (ইকোনোমিক করিডোর) নির্মাণের প্রস্তাব দিয়েছে বেইজিং। প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে অনুষ্ঠিত দ্বিপক্ষীয় বৈঠকে এ প্রস্তাব উত্থাপন করা হয়।
শুক্রবার সকালে বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে বৈঠক শেষে দিয়াওইউতাই স্টেট গেস্টহাউসে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন এ তথ্য জানান।
তিনি বলেন, প্রস্তাবিত অর্থনৈতিক করিডোরের লক্ষ্য হলো বাংলাদেশের অর্থনীতির পরিধি বৃদ্ধি, বাণিজ্যিক লেনদেন সম্প্রসারণ এবং মাল্টিমোডাল পরিবহন ব্যবস্থা আরও শক্তিশালী করা।
মাহদী আমিন জানান, চট্টগ্রাম বন্দরের আধুনিকায়ন করে এটিকে একটি আঞ্চলিক বাণিজ্যিক হাবে পরিণত করতে আগ্রহ প্রকাশ করেছে চীন। পাশাপাশি মোংলা বন্দরের সক্ষমতা ও সেবার মান উন্নয়নে সহযোগিতার বিষয়েও আলোচনা হয়েছে।
তিনি বলেন, বাংলাদেশ ও চীনের মধ্যে জনগণের সঙ্গে জনগণের (People-to-People) যোগাযোগ, সংস্কৃতি, গণমাধ্যম, প্রযুক্তি, জ্ঞান বিনিময় এবং কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে সহযোগিতা আরও বিস্তৃত করার বিষয়ে উভয় পক্ষ একমত হয়েছে।
শিক্ষা খাতে ম্যান্ডারিন ভাষা শিক্ষা, কারিগরি ও ভোকেশনাল শিক্ষার উন্নয়নে শিক্ষক ও অবকাঠামোগত সহায়তা দিতে চীন আগ্রহ প্রকাশ করেছে বলেও জানান তিনি।
মাহদী আমিন বলেন, স্বাস্থ্য খাতে আধুনিক চিকিৎসা ব্যবস্থা, রোবোটিক সার্জারি, হাসপাতাল স্থাপন এবং বাংলাদেশিদের জন্য চিকিৎসা ভিসা সহজীকরণের বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছে।
রোহিঙ্গা সংকট প্রসঙ্গে তিনি বলেন, নিরাপদ, স্বেচ্ছায় ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের বিষয়ে বাংলাদেশের অবস্থানকে সমর্থন করেছে চীন এবং প্রয়োজনীয় সংলাপে সহযোগিতার আশ্বাস দিয়েছে।
তিনি আরও জানান, পররাষ্ট্র ও প্রতিরক্ষা বিষয়ে বাংলাদেশ ও চীনের মধ্যে প্রথমবারের মতো একটি সমঝোতা হয়েছে। ভবিষ্যতে দুই দেশের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতিনিধিদের মধ্যে নিয়মিত সংলাপ অনুষ্ঠিত হবে।
মাহদী আমিন বলেন, ব্রিকসে (BRICS) বাংলাদেশের যোগদানের আগ্রহকে স্বাগত জানিয়েছে চীন। একই সঙ্গে প্রেসিডেন্ট শি জিনপিং প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বের প্রশংসা করে বাংলাদেশের উন্নয়নে দীর্ঘমেয়াদি সহযোগিতার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন।
সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি উপস্থিত ছিলেন।





