বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক জোরদারে সহযোগিতা বাড়ানোর আহ্বান পানিসম্পদ মন্ত্রীর

মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে সৌজন্য সাক্ষাতে শিক্ষা, প্রযুক্তি ও গবেষণায় বিনিয়োগ বৃদ্ধির আহ্বান; পদ্মা ব্যারেজ ও তিস্তা মহাপরিকল্পনা নিয়ে আশাবাদ

স্টাফ রিপোর্টার | ৩ জুন ২০২৬ | নিউজ চ্যানেল বিডি

পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ ও সুদৃঢ় সম্পর্ক বিদ্যমান। তিনি শিক্ষা, প্রযুক্তিগত সহযোগিতা, বৃত্তিমূলক প্রশিক্ষণ ও গবেষণার ক্ষেত্রে দুই দেশের মধ্যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ এবং সহযোগিতা বৃদ্ধির আহ্বান জানিয়েছেন।

বুধবার পানিসম্পদ মন্ত্রণালয়ে মন্ত্রীর দপ্তরে বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন।

সাক্ষাতে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এ সময় বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে যুক্তরাষ্ট্রের অবদানের প্রশংসা করে পানিসম্পদ মন্ত্রী বলেন, ভবিষ্যতেও এ সহযোগিতা অব্যাহত থাকবে বলে তিনি আশা করেন।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার মাত্র তিন মাস আগে দায়িত্ব গ্রহণ করেছে। নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে দেশের দক্ষিণ-পশ্চিম ও উত্তর-পশ্চিমাঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশিত পদ্মা ব্যারেজ প্রকল্প ইতোমধ্যে অনুমোদন করা হয়েছে।

তিনি আরও বলেন, প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও সমীক্ষা সম্পন্ন হওয়ার পর তিস্তা মহাপরিকল্পনাও দ্রুত অনুমোদন পাবে বলে তিনি আশাবাদী।

জবাবে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বলেন, নির্বাচিত সরকারের দায়িত্ব গ্রহণ বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের গতিধারা আরও শক্তিশালী করবে। গণতন্ত্র সুসংহতকরণ, মানবাধিকার সুরক্ষা এবং আর্থসামাজিক উন্নয়নের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র অতীতের মতো ভবিষ্যতেও সহযোগিতা অব্যাহত রাখবে।

সাক্ষাৎকালে পানিসম্পদ সচিব ড. এ. কে. এম শাহাবুদ্দিন, যুক্তরাষ্ট্র দূতাবাসের অর্থনৈতিক শাখা প্রধান মাইক পেনেল এবং রাজনৈতিক ও অর্থনৈতিক কর্মকর্তা চার্লস বেসনার্ড উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্টরা এ সাক্ষাৎকে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার ক্ষেত্রে একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে অভিহিত করেন।