আজাদ রুহুল আমিন, বিশেষ প্রতিনিধি, বাগেরহাট:
বাগেরহাটের ফকিরহাটে ট্রেনে কাটা পড়ে নিয়াম মিনা (৫৫) নামের এক কৃষক নিহত হয়েছেন।
গতকাল শুক্রবার দুপুরে খুলনা-মোংলা রেললাইনের ফকিরহাট উপজেলার ভট্টখামার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত কৃষক ভট্টখামার গ্রামের মৃত সামাদ মিনার পুত্র।
মোংলা রেলস্টেশনের স্টেশন মাস্টার এসএম মনির আহমেদ জানান, ১৮ নম্বর রেলসেতুর পাশে নিয়ামসহ চারজন দাঁড়িয়ে ছিলেন। এ সময় ট্রেন আসলে তিনজন দ্রুত নিচে নেমে গেলেও মিনা দৌড়ে সেতু পার হওয়ার চেষ্টা করেন। কিন্তু সেতু পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় তিনি ঘটনাস্থলেই মারা যান।
ফকিরহাট থানা পুলিশ জানায়, খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।





