বাগেরহাটে নির্বাচনী সহিংসতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থীর

অফিস ভাঙচুর, পোস্টার ছেঁড়া ও কর্মীদের ওপর হামলার দাবি; সুষ্ঠু ভোটের পরিবেশ চাইলেন প্রার্থী

স্টাফ রিপোর্টার | ৪ ফেব্রুয়ারি ২০২৬ | নিউজ চ্যানেল বিডি

বাগেরহাটে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সহিংসতা ও বাধা দেওয়ার অভিযোগ তুলেছেন এক স্বতন্ত্র প্রার্থী। তিনি দাবি করেন, শুরুতে তার নির্বাচনে অংশ নেওয়ার ইচ্ছা ছিল না। তবে স্থানীয় জনগণের অনুরোধে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেন।

প্রার্থীর ভাষ্য, বাগেরহাটের বিভিন্ন এলাকায় তার কর্মীরা পোস্টার লাগাতে ও প্রচারণা চালাতে গেলে বাধার মুখে পড়ছেন। দরগার মোড় ও শাসগম ইউনিয়ন এলাকায় তার লোকজনকে ঢুকতে দেওয়া হয়নি বলেও অভিযোগ করেন তিনি। রাখালগাছি এলাকায় মাইকিং করতে গেলে মাইক ভেঙে ফেলার ঘটনাও ঘটেছে বলে দাবি করেন।

তিনি আরও জানান, যাত্রাপুর এলাকায় তার নির্বাচনী অফিসের সাইনবোর্ড খুলে ফেলে তালা ঝুলিয়ে দেওয়া হয়। পরে প্রশাসনের হস্তক্ষেপে অফিস খুলে দেওয়া হলেও পুনরায় রাতে তালা ভেঙে সেখানে অন্য প্রার্থীর পোস্টার লাগানো হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

এ বিষয়ে জেলা প্রশাসক, পুলিশ সুপার ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে অভিযোগ করা হয়েছে বলে জানান স্বতন্ত্র প্রার্থী। তিনি প্রশাসনের প্রতি আরও সতর্ক থাকার আহ্বান জানান।

স্বতন্ত্র প্রার্থী বলেন, “আমি কোনো সংঘাত চাই না। আমরা সবাই চাই শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচন হোক। কাঁধে কাঁধ মিলিয়ে মানুষ ভোট দিতে পারুক। আমি এলাকায় সুন্দর পরিবেশ বজায় রাখতে চাই।”