বিএনপির আচরণে আওয়ামী লীগের সঙ্গে মিল দেখা যাচ্ছে: জামায়াত নেতা হামিদুর

জুলাই সনদ বাস্তবায়নে আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করায় ক্ষোভ— “এই সংস্কৃতি থেকে বের হতে হবে” মন্তব্য জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেলের

Posted by:

on

ঢাকা │ ৮ নভেম্বর ২০২৫ │ নিজস্ব প্রতিবেদক │ নিউজ চ্যানেল বিডি:
বিএনপির বর্তমান রাজনৈতিক আচরণে আওয়ামী লীগের সঙ্গে মিল পাওয়া যাচ্ছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ।

জুলাই সনদ বাস্তবায়নের পথে আলোচনার জন্য জামায়াতের দেওয়া প্রস্তাব বিএনপির পক্ষ থেকে প্রত্যাখ্যাত হওয়ার প্রতিক্রিয়ায় শনিবার রাজধানীর একটি সংলাপে তিনি এ মন্তব্য করেন।

হামিদুর বলেন,

“বিএনপির মহাসচিবকে আহ্বান জানানো হয়েছিল, কিন্তু তাঁরা বলেছেন জামায়াতের আহ্বানে সাড়া দেবেন না। বিগত রেজিমও এমন কথা বলত— ‘অমুকের সঙ্গে বসব না’। এই সংস্কৃতি থেকে কি আমরা বের হতে পারি না? বিএনপি যদি আহ্বান করে, জামায়াতও সেখানে যাবে এবং অন্যদের আহ্বান জানাবে।”


জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিভাজন

জাতীয় ঐকমত্য কমিশন জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ দেওয়ার পর সংবিধান সংস্কার ও গণভোটের সময়সূচি নিয়ে একসময়ের জোটসঙ্গী বিএনপি ও জামায়াতের মধ্যে মতপার্থক্য দেখা দিয়েছে।

অন্তর্বর্তী সরকার রাজনৈতিক দলগুলোকে আলোচনার মাধ্যমে ঐকমত্যে পৌঁছানোর আহ্বান জানালেও, জামায়াতের আলোচনার প্রস্তাব বিএনপি প্রত্যাখ্যান করে।

শনিবার রাজধানীর একটি হোটেলে ‘ট্রেস কনসালটেন্সি’ আয়োজিত ‘প্রযুক্তিনির্ভর নির্বাচনী ইশতেহার প্রণয়নে রাজনৈতিক দলগুলোর ভূমিকা’ শীর্ষক সংলাপে এ প্রসঙ্গেই হামিদুর রহমান আযাদ কথা বলেন।

তিনি বলেন,

“অঙ্গীকার যুক্ত করে জুলাই সনদ তৈরি হয়েছে— এর দুটি অংশ আছে। দ্বিতীয় অংশটি বাস্তবায়ন সংক্রান্ত, যা স্বাক্ষরের সঙ্গে যুক্ত নয়। আমাদের সিদ্ধান্ত ছিল, বাস্তবায়ন বিষয়টি আলাদা থাকবে। এখান থেকেই বিরোধের সূচনা।”


গণভোট ও নির্বাচনের সময়সূচি নিয়ে বিতর্ক

গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারিতে একসঙ্গে করার দাবি জানিয়ে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, যারা আগে গণভোটের দাবি তুলছে, তারা “নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে”।

এর জবাবে জামায়াত নেতা হামিদুর বলেন,

“আমরা পজিটিভলি এগোচ্ছি। নির্বাচনের ওপর হুমকি তৈরি হবে— এমন কিছু করছি না। আলোচনার পাশাপাশি রাজপথেও আমরা আছি। এটা হঠাৎ নয়, ধারাবাহিক প্রক্রিয়া।”


গণভোট আগে করার পক্ষে যুক্তি

গণভোট আগে করার পক্ষে যুক্তি দিয়ে সাবেক সংসদ সদস্য হামিদুর রহমান বলেন,

“জাতীয় নির্বাচনে মানুষের মনোযোগ থাকে দল ও প্রার্থীর দিকে। কেন্দ্র দখল, ভোট স্থগিত হওয়া— এসব সমস্যা দেখা দেয়। যদি গণভোট ও নির্বাচন একসঙ্গে হয়, তাহলে সময়ও বেশি লাগবে এবং অনেকে ভোট দিতে নাও পারবে।”

তিনি আরও জানান, জামায়াত সাতটি ইসলামী দলকে সঙ্গে নিয়ে পাঁচ দফা দাবিতে আন্দোলন করছে, যার মধ্যে গণভোট ও সংখ্যানুপাতিক পদ্ধতির দাবিও রয়েছে।