ঢাকা, ২৮ অক্টোবর ২০২৫: ঢাকা–১৬ আসনের বিএনপি নেতা ও কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেছেন, বিএনপি জনগণের ভোটে রাষ্ট্রক্ষমতায় এলে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর সমঅধিকার নিশ্চিত করা হবে। এটি আমার ওয়াদা।
আজ বিকেলে রাজধানীর পল্লবী ২ নম্বর ওয়ার্ড কমিউনিটি সেন্টারে তৃতীয় লিঙ্গের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে তৃতীয় লিঙ্গের মানুষরা সম্মানের সঙ্গে সমাজে বাঁচতে পারবেন। স্থায়ী পুনর্বাসনের ব্যবস্থা থাকবে এবং তাদের আর অবহেলার শিকার হতে হবে না।
আমিনুল হক বলেন, “সমাজের নানা স্থানে তৃতীয় লিঙ্গের মানুষ এখনও বঞ্চনা, হয়রানি ও অবহেলার শিকার হন। আমরা চাই, আপনাদের সমাজের মূলধারায় আনা হোক যাতে সক্রিয়ভাবে দেশের উন্নয়নে অংশ নিতে পারেন। শিক্ষিত ও বেকার সদস্যদের জন্যও কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। আমরা আল্লাহর সৃষ্টিকে আলাদা করে দেখি না। সবাই সমঅধিকার ও সমমর্যাদায় একসঙ্গে কাজ করলে মানবিক বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।”
সভায় বিএনপির স্থানীয় নেতাকর্মী, তৃতীয় লিঙ্গের প্রতিনিধিসহ নানা শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন। এর আগে তিনি পল্লবীর মুসলিম ক্যাম্পে বিএনপির ৩১ দফা কর্মপরিকল্পনার লিফলেট বিতরণ ও বাউনিয়াবাধে মহিলা মাদ্রাসার শুভ উদ্বোধন করেন।






