বিএনপি ক্ষমতায় গেলে শিক্ষকদের চাকরি জাতীয়করণে উচ্চ পর্যায়ের কমিশন গঠন: তারেক রহমান

বিএনপি ক্ষমতায় গেলে শিক্ষকদের চাকরি জাতীয়করণে ‘উচ্চ পর্যায়ের কমিশন’ এবং শিক্ষা কারিকুলাম ঢেলে সাজাতে ‘শিক্ষা সংস্কার কমিশন’ গঠন করার পরিকল্পনার…

বিএনপি ক্ষমতায় গেলে শিক্ষকদের চাকরি জাতীয়করণে ‘উচ্চ পর্যায়ের কমিশন’ এবং শিক্ষা কারিকুলাম ঢেলে সাজাতে ‘শিক্ষা সংস্কার কমিশন’ গঠন করার পরিকল্পনার কথা জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

আন্তর্জাতিক শিক্ষক দিবস উপলক্ষে মঙ্গলবার বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত ‘শিক্ষক মহাসমাবেশে’ ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এই ঘোষণা দেন।

তারেক রহমান বলেন, “আমরা যদি আমাদের শিক্ষা, আমাদের জাতিকে গঠন করে তুলতে চাই, তাহলে আমাদের যে পরিকল্পনাগুলো রাজনৈতিক দল হিসেবে আপনাদের সামনে উপস্থাপন করেছি, সেগুলো সফল করার জন্য আপনাদের সহযোগিতা প্রয়োজন।”

তিনি আরও বলেন, “শিক্ষকদের চাকরি জাতীয়করণ বা আর্থিক নিরাপত্তা বেষ্টনী বৃদ্ধির বিষয়টি রাষ্ট্রের সামর্থ্য অনুযায়ী ইতিবাচকভাবে বিবেচনার জন্য উচ্চ পর্যায়ের কমিশন গঠন করা হবে। একই সঙ্গে প্রচলিত শিক্ষা কারিকুলামকে ব্যবহারিক ও কারিগরি শিক্ষাপ্রধান করে ঢেলে সাজাতে অগ্রাধিকার ভিত্তিতে শিক্ষা সংস্কার কমিশনও করা হবে।”

তারেক রহমান বলেন, “নৈতিকতা ও ধর্মীয় সামাজিক মূল্যবোধের আলোকে কর্মমুখী শিক্ষা ব্যবস্থা প্রবর্তন ও আধুনিকায়ন জরুরি, নইলে এই প্রতিযোগিতার বিশ্বে টিকে থাকা কঠিন হবে।”

বিএনপি সমর্থিত শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের উদ্যোগে আয়োজিত এই মহাসমাবেশ থেকে বৈষম্যহীন শিক্ষা ব্যবস্থা, অবসর বয়স ৬৫ বছর নির্ধারণ, নন-এমপিও প্রতিষ্ঠান এমপিওভুক্তকরণ এবং শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণের দাবি জানানো হয়।

সারা দেশ থেকে কয়েক হাজার শিক্ষক-কর্মচারী এই সমাবেশে অংশ নেন।