বিএনপি বাংলাদেশের স্বাধীনতা ও গণতন্ত্রের প্রধান শক্তি: আমির খসরু চৌধুরী

প্রপাগান্ডার মাধ্যমে জনগণের মনে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে বলে অভিযোগ বিএনপির এই নেতার

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু চৌধুরী বলেছেন, বিএনপি জন্মলগ্ন থেকেই বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের পক্ষে রাজনীতি করে আসছে। জনগণের আস্থার ভিত্তিতেই বিএনপির রাজনীতি প্রতিষ্ঠিত হয়েছে, কোনো বহিঃশক্তির ওপর নির্ভর করে নয়।

তিনি বলেন, “বাংলাদেশের স্বাধীনতার পক্ষে অবস্থান, বহুদলীয় গণতন্ত্র ও সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা, স্বৈরাচার বিদায়—সব ক্ষেত্রেই বিএনপির ভূমিকা ইতিহাসে প্রমাণিত। যারা বিএনপি নিয়ে আজেবাজে কথা বলে, তারা মূলত প্রপাগান্ডার রাজনীতি করতে চায়। জনগণের আস্থা নেই বলেই তারা বিভ্রান্তি ছড়াচ্ছে।”

আমির খসরু চৌধুরী আরও বলেন, বিএনপি কখনো দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়ে আপস করেনি এবং ভবিষ্যতেও করবে না। “যাদের মাথায় এ ধরনের সন্দেহ বা অপপ্রচার আসে, তাদের নিশ্চয়ই ভিন্ন উদ্দেশ্য আছে। বিএনপির এসব চিন্তার প্রয়োজন নেই।”

তিনি দাবি করেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে ধানের শীষের পক্ষে জনসমর্থনের জোয়ার চলছে। “আমরা যেখানে যাচ্ছি, সেখানে হাজার হাজার নারী-পুরুষ রাস্তায় নেমে আসছে। এটা স্পষ্ট যে জনগণ বেগম খালেদা জিয়া, তারেক রহমান, শহীদ জিয়া এবং সবার আগে বাংলাদেশের পক্ষে অবস্থান নিয়েছে।”

আসন্ন জনসভা প্রসঙ্গে তিনি বলেন, বিএনপির বড় জনসভার জন্য আলাদা কোনো প্রস্তুতির দরকার হয় না। “কালকের জনসভায় নেতাকর্মীদের চেয়ে সাধারণ মানুষের উপস্থিতি বেশি হবে। এটা কোনো দলীয় জনসভা নয়, এটা সর্বসাধারণের জনসভা।”

তিনি আল্লাহর রহমতে বিএনপির প্রতি জনগণের আস্থা অটুট রয়েছে বলেও মন্তব্য করেন।