নিজস্ব প্রতিবেদক │ নিউজ চ্যানেল বিডি │ ঢাকা
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপিকে কোনো ষড়যন্ত্র বা চক্রান্ত দিয়েই পরাজিত করা যাবে না। ফেব্রুয়ারি ২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত অবিরাম আন্দোলনের মধ্য দিয়েই বিএনপি জনগণের বিজয় নিশ্চিত করবে।
শুক্রবার (৭ নভেম্বর) মহান বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত র্যালি শেষে রাজধানীর কারওয়ান বাজারে এক সমাবেশে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, “আজকের এই র্যালি প্রমাণ করে— বিএনপি এখনও দেশের সবচেয়ে শক্তিশালী রাজনৈতিক দল। কৃষকদল, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, শ্রমিক দলসহ সব অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা ঐক্যবদ্ধভাবে অংশ নিয়ে দেখিয়ে দিয়েছেন— বিএনপি অপ্রতিরোধ্য।”
তিনি আরও বলেন, “কোনো চক্রান্ত বা ষড়যন্ত্রই ফেব্রুয়ারি ২০২৬ সালের নির্বাচনকে বানচাল করতে পারবে না। আমরা আজ থেকে শপথ নিচ্ছি— ২০২৬ সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত অবিরাম, নিরন্তর আন্দোলন, মিছিল-মিটিং ও সংগ্রামের মধ্য দিয়ে আমরা জনগণের অধিকার ফিরিয়ে আনব।”
বিএনপি মহাসচিব বলেন, “ধানের শীষের বিজয়ই হবে বাংলাদেশের বিজয়। শহীদ জিয়াউর রহমানের বাংলাদেশী জাতীয়তাবাদের উনিশ দফা কর্মসূচি, বেগম খালেদা জিয়ার ‘ভিশন টুয়েন্টি থার্টি’ এবং তারেক রহমানের কৃষি ও অর্থনৈতিক কর্মসূচি— আমরা তা বাস্তবায়ন করব ইনশাআল্লাহ।”
বক্তব্যের শেষে মির্জা ফখরুল বলেন, “আসুন, আমরা নতুন উদ্যমে চক্রান্তকারীদের দাঁতভাঙা জবাব দিই। ইনশাআল্লাহ, আগামী নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করব। জিন্দাবাদ।”





