স্টাফ রিপোর্টার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬ , নিউজ চ্যানেল বিডি
২০০৯ সালের ২৫-২৬ ফেব্রুয়ারি বিডিআর (বর্তমানে বিজিবি) সদর দপ্তর, পিলখানায় সংঘটিত বর্বরোচিত হত্যাকাণ্ডে শহীদ সেনা সদস্যগণের ১৭তম শাহাদত বার্ষিকী স্মরণে এবং শহীদ পরিবারের সম্মানে মতবিনিময় সভা ও ইফতার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ সন্ধ্যায় ঢাকা সেনানিবাসস্থ আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের খোঁজ-খবর নেন।
মতবিনিময় সভায় শহীদ পরিবারের সদস্যরা তাদের বিভিন্ন দাবি ও প্রাসঙ্গিক বিষয় প্রধানমন্ত্রীর নিকট উপস্থাপন করেন। প্রধানমন্ত্রী এসব বিষয় গুরুত্বসহকারে বিবেচনা করে পর্যায়ক্রমে বাস্তবসম্মত পদক্ষেপ গ্রহণের অঙ্গীকার ব্যক্ত করেন।
ইফতার অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষা উপদেষ্টা, সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধানগণ, প্রধানমন্ত্রীর মুখ্যসচিব, ঊর্ধ্বতন সামরিক ও অসামরিক কর্মকর্তাবৃন্দ, শহীদ পরিবারের সদস্যগণ এবং গণমাধ্যম ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।





