স্টাফ রিপোর্টার |২৫ শে জানুয়ারি ২০২৬নিউজ চ্যানেল বিডি
প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও ২০২৬ সালের গণভোট উপলক্ষে কমিশনের প্রস্তুতি সম্পর্কে বিদেশি কূটনীতিকরা তাদের সর্বোচ্চ আস্থা প্রকাশ করেছেন। আজ দুপুর সোয়া বারোটায় রাজধানীর গুলশানে অবস্থিত দ্যা ওয়েস্টিনে বাংলাদেশে কর্মরত সকল বিদেশি কূটনীতিকের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ মন্তব্য করেন।
প্রধান নির্বাচন কমিশনার বলেন, “একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য আমরা কি কি প্রস্তুতি নিয়েছি, তা তাদের বিস্তারিতভাবে জানিয়েছি। তারা আমাদের সার্বিক প্রস্তুতি এবং সকল কর্মকাণ্ডের প্রশংসা করেছেন। কমিশনের প্রতি তারা অত্যন্ত আস্থাশীল।”
তিনি আরও বলেন, “আমরা সকল কর্মকাণ্ড তাদের সামনে তুলে ধরেছি। এখানে কোনো লোকচুরির ব্যাপার নেই। আমরা গ্রহণযোগ্য একটি নির্বাচন জাতিকে উপহার দিতে পারব, এ বিষয়ে তারা আশাবাদী।”
কমিশন আইনশৃঙ্খলা বাহিনীর মোতায়েন, নিরাপত্তা পরিকল্পনা এবং নির্বাচনী প্রক্রিয়ার বিভিন্ন দিকও কূটনীতিকদের জানিয়েছে। কমিশনার বলেন, “পুলিশ, সেনাবাহিনী ও আনসার মোতায়েন থাকবে, যাতে ভোটাররা শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারেন।”
প্রধান নির্বাচন কমিশনার আরও বলেন, “আমাদের উদ্দেশ্য সম্পূর্ণ স্বচ্ছ এবং ফোকাস একটি সুন্দর নির্বাচন আয়োজন। কূটনীতিকরা এ বিষয়টি ভালোভাবে বুঝেছেন এবং সন্তুষ্টি প্রকাশ করেছেন। আগামীতে তারা আমাদের সার্বিক সহযোগিতা করবেন।”
বৈঠকে আরও উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, বেগম তাহমিদা আহমদ, মো. আনোয়ারুল ইসলাম সরকার, ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো: সানাউল্লাহ (অবসরপ্রাপ্ত), ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদসহ অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তা। বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার, ইউরোপীয় ইউনিয়ন এবং জাতিসংঘের প্রতিনিধিরাও এতে অংশগ্রহণ করেন।
কমিশন জানিয়েছে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সার্বিক প্রস্তুতি, নির্বাচনী প্রক্রিয়া, আন্তর্জাতিক পর্যবেক্ষক নিয়োগ, নির্বাচনের স্বচ্ছতা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কিত বিভিন্ন জরুরি বিষয়ে কূটনীতিকদের অবহিত করার উদ্দেশ্যে এই বৈঠকের আয়োজন করা হয়েছে।





