বিদেশ থেকে আসা ৪ লাখ ২২ হাজার ৯৬০ পোস্টাল ব্যালট পৌঁছেছে দেশে

২ লাখ ৭০ হাজার ৩৮টি ব্যালট গ্রহণ করেছেন রিটার্নিং কর্মকর্তারা; পুরুষ ভোটার ৯৪ শতাংশ, নারী ৬ শতাংশ

স্টাফ রিপোর্টার |৭ ফেব্রুয়ারি ২০২৬, নিউজ চ্যানেল বিডি

ঢাকা: আসন্ন নির্বাচনকে সামনে রেখে দেশের বাইরে থাকা ভোটারদের পাঠানো মোট ৪ লাখ ২২ হাজার ৯৬০টি পোস্টাল ব্যালট ইতোমধ্যে বাংলাদেশে পৌঁছেছে বলে জানিয়েছেন প্রেস সচিব। এর মধ্যে এখন পর্যন্ত ২ লাখ ৭০ হাজার ৩৮টি ব্যালট রিটার্নিং কর্মকর্তারা গ্রহণ করেছেন।

তিনি জানান, আউট অব দ্য কান্ট্রি পোস্টাল ভোটারদের মধ্যে ৯৪ শতাংশ পুরুষ এবং ৬ শতাংশ নারী।

নির্বাচন পর্যবেক্ষণ প্রসঙ্গে তিনি বলেন, প্রায় ৪০০ জন বিদেশি পর্যবেক্ষক এবং প্রায় ৫০০ জন দেশি পর্যবেক্ষক নির্বাচনে উপস্থিত থাকবেন। এছাড়া আনুমানিক ১২০ জন বিদেশি সাংবাদিক এই নির্বাচন কভার করবেন বলে ধারণা করা হচ্ছে।

ভোটারদের জন্য একটি হটলাইন চালু করা হয়েছে জানিয়ে তিনি বলেন, নির্বাচন সংক্রান্ত যেকোনো অভিযোগ, তথ্য বা সতর্কবার্তা জানাতে ৩৩৩ নম্বরে ফোন করা যাবে। প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

প্রেস সচিব আরও জানান, বিদেশে অবস্থানরত ভোটারদের জন্য ১২৪টি দেশে পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে। এ ছাড়া পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা ও ভারত বাংলাদেশে পোস্টাল ভোট প্রক্রিয়া সম্পর্কে আগ্রহ প্রকাশ করেছে।