স্টাফ রিপোর্টার | ০২ মে ২০২৬ | নিউজ চ্যানেল বিডি
বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, দেশে সাম্প্রতিক বিদ্যুৎ ও জ্বালানি সংকট প্রকৃত সংকট নয়, বরং এটি একটি ‘কৃত্রিম সংকট’। তিনি দাবি করেন, সরবরাহ ব্যবস্থাপনায় সমন্বয়হীনতা ও সংশ্লিষ্ট কিছু প্রতিষ্ঠানের গাফলতির কারণেই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
মন্ত্রী বলেন, অনেক ক্ষেত্রে ঊর্ধ্বতন পর্যায় থেকে এক ধরনের নির্দেশনা দেওয়া হলেও বাস্তবায়নে দেখা গেছে ভিন্ন চিত্র। ফলে সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন সৃষ্টি হয়েছে এবং সাধারণ মানুষের ভোগান্তি বেড়েছে।
তিনি অর্থনীতিবিদ অমর্ত্য সেন-এর উদাহরণ টেনে বলেন, দুর্ভিক্ষ বা সংকট অনেক সময় উৎপাদনের অভাবে নয়, বরং সঠিক বিতরণ ও সরবরাহ ব্যবস্থার ব্যর্থতার কারণে ঘটে। বাংলাদেশের ক্ষেত্রেও একই ধরনের সমস্যা দেখা গেছে বলে তিনি উল্লেখ করেন।
মন্ত্রী আরও বলেন, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে কৃত্রিম সংকট তৈরির চেষ্টা হয়েছিল। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সময়মতো ব্যবস্থা নেওয়ায় পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়ে এসেছে এবং দীর্ঘ লাইন এখন আর নেই।
তিনি জানান, তেলের সরবরাহ কখনোই কমানো হয়নি, বরং চাহিদা অনুযায়ী তা বাড়ানো হয়েছে। যথাযথ তদারকি ও পদক্ষেপের ফলে বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে।
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে মন্ত্রী বলেন, শুধু উচ্চ বেতন নয়—দায়িত্ববোধ, মনোযোগ ও কাজের প্রতি নিষ্ঠাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এসবের অভাবই বড় সমস্যা হিসেবে দেখা দিয়েছে।
এ সময় উপস্থিত এক শিক্ষার্থীর উদ্দেশে তিনি বলেন, তরুণ প্রজন্মকে দেশের উন্নয়নে এগিয়ে আসতে হবে। বিজ্ঞানচর্চা ও গবেষণার মাধ্যমে দেশের প্রাকৃতিক সম্পদ কাজে লাগানোর আহ্বান জানান তিনি।
মন্ত্রী বলেন, “তোমরা স্বপ্ন দেখো—দেশের সম্পদ আহরণে তোমরাই নেতৃত্ব দেবে।”





