‘বিভাজন নয়, ঐক্যের রাজনীতি চাই’ — মির্জা ফখরুল

হিন্দু সম্প্রদায়ের অর্ধশতাধিক সদস্যের বিএনপিতে যোগদান অনুষ্ঠানে ঐক্যের বার্তা দিলেন বিএনপি মহাসচিব। বললেন, ২৪-এর ছাত্র–জনতার অভ্যুত্থান ও একাত্তরের মুক্তিযুদ্ধের চেতনা দিয়েই গড়া হবে নতুন বাংলাদেশ।

ছবি: নিউজ চ্যানেলবিডি

Posted by:

on

স্টাফ রিপোর্টার, ঢাকা, ১৯ অক্টোবর ২০২৫ (রবিবার), নিউজ চ্যানেল বিডি:
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “আমরা বিভাজন নয়, ঐক্যের রাজনীতি করতে চাই।”
সোমবার বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে হিন্দু সম্প্রদায়ের অর্ধশতাধিক সদস্যের দলে যোগদান অনুষ্ঠানে তিনি এ প্রত্যয় ব্যক্ত করেন।

মির্জা ফখরুল বলেন, “গত ১৫ বছরে ফ্যাসিস্ট সরকার বাংলাদেশের অর্থনীতি ও রাজনৈতিক কাঠামো ধ্বংস করে ফেলেছে। আমরা প্রতিশোধ নয়, ভালোবাসার রাজনীতি দিয়ে নতুন বাংলাদেশ গড়তে চাই।”
তিনি স্মরণ করিয়ে দেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ৫ আগস্টের বাণীতে বলেছেন— প্রতিহিংসা নয়, ঐক্য ও ভালোবাসার রাজনীতি প্রতিষ্ঠা করতে হবে।

বিএনপি মহাসচিব বলেন, “অনেকে নানা স্বার্থের কথা বলছে, দর কষাকষি করছে। কিন্তু আমরা ১৯৭১-এর মুক্তিযুদ্ধ ও ২০২৪ সালের ছাত্র–জনতার অভ্যুত্থানের চেতনা নিয়েই নতুন বাংলাদেশ নির্মাণ করতে চাই।”

হিন্দু সম্প্রদায়ের নেতাদের যোগদান প্রসঙ্গে তিনি বলেন, “কিছু মানুষ আমাদের ঐক্যে ভাঙন ধরাতে চায়। আমরা সেই ভাঙনের বিপক্ষে দৃঢ়ভাবে দাঁড়াতে চাই। বাংলাদেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই মিলে একসঙ্গে শান্তিতে বসবাস করবে— এটাই আমাদের লক্ষ্য।”

তিনি আরও বলেন, “আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ২০২২ সালে ৩১ দফা দিয়েছেন, যেখানে সংখ্যালঘুদের নিরাপত্তা ও সমঅধিকার সুনিশ্চিত করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। আমরা সেই পথেই এগিয়ে যাচ্ছি।”

সংখ্যালঘু সম্প্রদায়ের উদ্দেশ্যে মির্জা ফখরুল বলেন, “আপনারা আমাদের ভাই, আমরা আপনাদের পাশে আছি। সরকারের আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক করছি— যেন সংখ্যালঘু সম্প্রদায়ের কেউ হয়রানির শিকার না হন।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।
এ সময় দলের উপদেষ্টা বিজন কান্তি সরকার, রমেন বাবু এবং হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ সোমনাথ দে, কপিল কৃষ্ণ মণ্ডল ও সমেন সাহা উপস্থিত ছিলেন।