বিভ্রান্তিমূলক সংবাদে হয়রানির অভিযোগ, নির্বাচন কমিশন ও গণমাধ্যমের প্রতি দায়িত্বশীলতার আহ্বান মমিনুল হকের

যাচাই ছাড়াই শোকজ নোটিশ, লিফলেট না দেখেই প্রতিবেদন—লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে নতুন করে উদ্বেগ

স্টাফ রিপোর্টার | ১৭ই জানুয়ারি ২০২৬ | নিউজ চ্যানেল বিডি

একটি বিভ্রান্তিমূলক তথ্য ও সংবাদ প্রচারের মাধ্যমে জনসম্মুখে নিজের ভাবমূর্তি ক্ষুণ্ন করা এবং নির্বাচনী প্রস্তুতি থেকে মনোযোগ ভিন্ন দিকে সরিয়ে নেওয়ার অপচেষ্টা চালানো হয়েছে বলে অভিযোগ করেছেন রাজনৈতিক নেতা মমিনুল হক।

তিনি বলেন, ন্যূনতম যাচাই-বাছাই কিংবা তার সঙ্গে কোনো ধরনের যোগাযোগ না করেই নির্বাচন কমিশনের পক্ষ থেকে তাকে শোকজ নোটিশ দেওয়া হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক। সংশ্লিষ্ট সংবাদ প্রতিবেদনে লিফলেট প্রচারের অভিযোগ আনা হলেও সেই প্রতিবেদক বাস্তবে লিফলেটটি হাতে নিয়ে দেখেননি কিংবা সেটির ভেতরে কী লেখা ছিল তা যাচাই করেননি।

মমিনুল হক জানান, আলোচিত লিফলেটটি কোনো প্রার্থীর পক্ষে প্রচারণা নয়; বরং তা ছিল গণভোট এবং ‘হ্যাঁ’-এর পক্ষে একটি ক্যাম্পেইনের অংশ। অথচ সেটিকে উদ্দেশ্যমূলকভাবে ভিন্নভাবে উপস্থাপন করে সংবাদ প্রকাশ করা হয়েছে।

এ প্রসঙ্গে তিনি গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়ে বলেন, নির্বাচনকে সহযোগিতা করা এবং নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড অক্ষুণ্ন রাখতে দায়িত্বশীল সাংবাদিকতার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিভ্রান্তিমূলক তথ্য কিংবা যাচাইহীন সংবাদ প্রচারের মাধ্যমে যেন কোনো প্রার্থী হয়রানির শিকার না হন, সে বিষয়ে নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্ট সকল মহলের আরও সতর্ক হওয়া জরুরি।

তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরেই নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে যে উদ্বেগ প্রকাশ করা হচ্ছে, সাম্প্রতিক এই ঘটনায় তা নতুন করে প্রমাণিত হয়েছে। তিনি যেখানে একটি রাজনৈতিক দলের প্রধান এবং একটি জোটের অন্যতম শীর্ষ দায়িত্বশীল নেতা, সেখানে যদি এ ধরনের হয়রানির শিকার হতে হয়, তাহলে নির্বাচনের সমতাভিত্তিক পরিবেশ নিয়ে বড় ধরনের প্রশ্ন তৈরি হয়।

মমিনুল হক আশা প্রকাশ করেন, ভবিষ্যতে নির্বাচন কমিশন ও গণমাধ্যম এ ধরনের বিষয়ে আরও যত্নশীল হবে। তিনি বলেন, যে সব গণমাধ্যমের সংবাদের ভিত্তিতে তাকে শোকজ করা হয়েছে, সেসব প্রতিবেদনে যথাযথ তথ্য যাচাইয়ের ঘাটতি ছিল। সংশ্লিষ্ট প্রতিবেদকের জন্য লিফলেট সংগ্রহ করা কিংবা তার সঙ্গে কথা বলা কোনো কঠিন বিষয় ছিল না বলেও মন্তব্য করেন তিনি।

তিনি জোর দিয়ে বলেন, সঠিক তথ্য যাচাই করেই সংবাদ প্রকাশ করা উচিত—এটাই দায়িত্বশীল সাংবাদিকতার মূল ভিত্তি।