কিশোরগঞ্জ, ১৯ সেপ্টেম্বর ২০২৫ :
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, একটি বিশেষ মহল বিএনপির বিরুদ্ধে পরিকল্পিতভাবে অপপ্রচার চালাচ্ছে, যাতে দলটি রাষ্ট্রক্ষমতায় আসতে না পারে। তিনি বলেন, এই মহলটি বিএনপির ভাবমূর্তি নষ্ট করে জনগণকে বিভ্রান্ত করতে চাচ্ছে।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) কিশোরগঞ্জ জেলা বিএনপির সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
বক্তব্যে ফখরুল বিএনপির ৩১ দফার ঘোষণাকে বাংলাদেশের ম্যাগনা কার্টা হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, “এটি কেবল রাজনৈতিক সংস্কার নয়, বরং রাষ্ট্রকে একটি গণতান্ত্রিক ও সফল রাষ্ট্রে পরিণত করার পরিকল্পনা।”
ইসলাম ধর্ম নিয়ে অপপ্রচারেরও জবাব দেন তিনি। ফখরুল বলেন, “বিএনপি ইসলাম ধর্মে বিশ্বাস করে না—এমন মিথ্যা প্রচারণা চালানো হচ্ছে। বিএনপি একটি গণতান্ত্রিক দল, সব ধর্মের প্রতিই শ্রদ্ধাশীল।”
জোট রাজনীতি প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, যারা এখন বিএনপির সমালোচনা করছে তারাই একসময় আওয়ামী লীগের সঙ্গে জোট করেছিল। গণহত্যার মতো ঘটনার সঙ্গেও জড়িত দলগুলো আওয়ামী লীগের সঙ্গে হাত মিলিয়েছে বলে অভিযোগ করেন তিনি।
বিএনপিকে আন্ডারগ্রাউন্ড পার্টি বলা প্রসঙ্গে তিনি বলেন, “আমরা সবসময় প্রকাশ্য রাজনীতিতে বিশ্বাস করি। যারা সমালোচনা করছে তারাই একসময় আন্ডারগ্রাউন্ডে গিয়েছিল।”





