স্টাফ রিপোর্টার | ১১ জানুয়ারি ২০২৬ | নিউজ চ্যানেল বিডি
রোববার সকালে বিশ্ববাজারে স্বর্ণসহ বিভিন্ন মূল্যবান ধাতুর দামে বড় ধরনের ঊর্ধ্বগতি দেখা গেছে। আন্তর্জাতিক বাজারে এক ট্রয় আউন্স স্বর্ণ বিক্রি হয়েছে ৪৫১০ ডলার ৬১ সেন্টে।
তথ্য অনুযায়ী, এক সপ্তাহের ব্যবধানে স্বর্ণের দাম বেড়েছে ৪ দশমিক ১২ শতাংশ। আর এক বছরের ব্যবধানে এই ধাতুর দাম বেড়েছে প্রায় ৬৭ দশমিক ৯৫ শতাংশ।
অন্যদিকে, আরেক মূল্যবান ধাতু রুপার দামও রয়েছে ঊর্ধ্বমুখী। এক সপ্তাহে রুপার দাম ১০ শতাংশের বেশি বেড়ে বর্তমানে প্রতি ট্রয় আউন্স প্রায় ৮০ ডলারে দাঁড়িয়েছে। বছর ব্যবধানে রুপার দাম বেড়েছে ১৬৩ শতাংশেরও বেশি।
স্বর্ণের দাম বৃদ্ধির পেছনে যুক্তরাষ্ট্রের সুদের হার কমানোর সম্ভাবনা এবং চলমান ভূরাজনৈতিক অস্থিরতাকে প্রধান কারণ হিসেবে উল্লেখ করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক বাজার বিশ্লেষণকারী প্রতিষ্ঠান দ্য ট্রেডিং ইকোনমিক্স।
এদিকে, বিশ্ববাজারে বর্তমানে প্রতি ট্রয় আউন্স প্লাটিনাম বিক্রি হচ্ছে ২২৯৬ ডলার ৭০ সেন্টে। সপ্তাহের ব্যবধানে প্লাটিনামের দাম বেড়েছে ৬ দশমিক ২৪ শতাংশ এবং এক বছরে বেড়েছে প্রায় ১৩৫ শতাংশ।
শিল্প ধাতু কপারও দামে ঊর্ধ্বমুখী। এক বছরের ব্যবধানে কপারের দাম বেড়েছে প্রায় ৩৭ দশমিক ৫০ শতাংশ এবং এক সপ্তাহে বেড়েছে ৩ দশমিক ৩৮ শতাংশ। বর্তমানে প্রতি পাউন্ড কপার কেনাবেচা হচ্ছে প্রায় ৪ ডলার ৮৬ সেন্টে।





