স্টাফ রিপোর্টার | ৯ জানুয়ারি ২০২৬ | নিউজ চ্যানেল বিডি
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিশ্ববিদ্যালয় পর্যায়ের নির্বাচন কখনোই জাতীয় নির্বাচনের ওপর কোনো প্রভাব ফেলেনি এবং ভবিষ্যতেও ফেলবে না। সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে যে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন।
তিনি বলেন, “বিগত ফ্যাসিবাদী সরকারের সময় অন্যান্য ছাত্র সংগঠন তো বটেই, এমনকি ছাত্রদলকেও বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে দেওয়া হয়নি। পার্সোনাল গার্ড দিয়ে নির্দিষ্ট কিছু গোষ্ঠীকে টিকিয়ে রাখা হয়েছিল। ফলে ছাত্র উন্নয়নমূলক সংগঠনগুলো তাদের স্বাভাবিক সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করতে পারেনি।”
সংস্কার প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, “সংস্কার কোনো লজ্জার বিষয় নয়, বরং এটি একটি চলমান প্রক্রিয়া। ২০১৬ এবং ২০২৩ সালে আমরা ১৬ দফার মাধ্যমে জাতীয় সংস্কারের প্রস্তাব দিয়েছি। সেখানে না বলার কোনো যৌক্তিক কারণ নেই।”
সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও গুজব প্রসঙ্গে তিনি বলেন, “অনেক ভুয়া ভিডিও ছড়ানো হচ্ছে। কয়েকজন নেতার ওপর হামলার কারণে নিরাপত্তা ইস্যুটি সামনে এসেছে। তবে বিএনপির পক্ষ থেকে কোনো আতঙ্ক নেই।”
নিজের সাম্প্রতিক সফর সম্পর্কে মির্জা ফখরুল বলেন, এটি মূলত একটি ব্যক্তিগত সফর। তিনি বগুড়া হয়ে রংপুরে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেন। পরে ঠাকুরগায় আরও শহীদদের কবর জিয়ারত করেন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে আয়োজিত দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন।
সফরের শেষাংশে তিনি পঞ্চগড়ে যান। মির্জা ফখরুল বলেন, “ঢাকায় যেমন বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন, তেমনি জেলা ও গ্রাম পর্যায়েও এই সফরের মাধ্যমে নেতাকর্মীরা আরও উজ্জীবিত হবেন।”





