✮
✮
✮
✮
✮
✮
✮
✮
✮
✮
✮
✮
✮
✮
✮

বিসিবির অ্যাডহক কমিটিতে দায়িত্ব পেলেন মাশরুর হোসেন

সভাপতি তামিম ইকবালকে শতভাগ সহযোগিতার আশ্বাস

স্টাফ রিপোর্টার | ১৮ এপ্রিল ২০২৬ | নিউজ চ্যানেল বিডি

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বর্তমান অ্যাডহক কমিটিতে লজিস্টিক ও প্রটোকল বিভাগের সদস্য সচিবের দায়িত্ব পেয়েছেন মাশরুর হোসেন।

দায়িত্ব পেয়েই বিসিবি সভাপতি তামিম ইকবাল-কে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন তিনি।

শুক্রবার (১৭ এপ্রিল) বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের প্রথম ওয়ানডের পর গণমাধ্যমে তিনি এ কথা বলেন।

মাশরুর হোসেন বলেন, “প্রেসিডেন্ট হিসেবে তিনি (তামিম) যেন তার দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারেন, সেটাই আমাদের লক্ষ্য। আমি আমার শতভাগ দেবো। শুধু আমি না, ম্যানেজমেন্টে যারা আছি, সবাই মিলে তাকে সহযোগিতা করবো।”

তিনি আরও বলেন, দেশের ক্রিকেটে দীর্ঘ সময় নেতৃত্ব দিয়েছেন তামিম ইকবাল এবং তিনি একজন যোগ্য ব্যক্তি।

“সে এই ফিল্ডেরই একজন, আপনাদেরই একজন। অনেক ম্যাচ জিতিয়ে রান করে দর্শকদের আবেগাপ্লুত করেছেন। আমার বিশ্বাস, আপনারা তাকে যে ভালোবাসা দিয়েছেন, তা অব্যাহত থাকবে,”—যোগ করেন তিনি।

উল্লেখ্য, গত ৭ এপ্রিল আমিনুল ইসলাম বুলবুল-এর নেতৃত্বাধীন বিসিবির পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়া হয়।

এরপর তামিম ইকবাল-কে প্রধান করে ১১ সদস্যের অ্যাডহক কমিটি গঠন করে জাতীয় ক্রীড়া পরিষদ।

মাশরুর হোসেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন-এর চাচাতো ভাই বলেও জানা গেছে।

নতুন এই কমিটির মাধ্যমে দেশের ক্রিকেট প্রশাসনে নতুন গতি আসবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।