স্টাফ রিপোর্টার, ২৬ জানুয়ারি ২০২৬, নিউজ চ্যানেল বিডি।
নানাবাড়ির আত্মীয়তার সম্পর্কের কথা উল্লেখ করে বৃহত্তর নোয়াখালীর সব কয়টি আসনে ধানের শীষের প্রার্থীদের বিজয়ী করার অনুরোধ জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান।
রোববার বিকেলে ফেনীতে অনুষ্ঠিত এক নির্বাচনী সমাবেশে তিনি এ অনুরোধ জানান। বক্তব্যের শুরুতে উপস্থিত হাজার হাজার কর্মী-সমর্থকদের উদ্দেশ্যে তিনি বলেন, “আসসালামু আলাইকুম… কেমন আছেন সবাই? বহু বছর পরে ফেনীতে এসেছি। আজকে সকালে আমার প্রথম মিটিংটা ছিল চট্টগ্রামে… চট্টগ্রামের সাথে আমার একটা আবেগ সম্পর্ক রয়েছে।”
তিনি আরও বলেন, “আর ফেনীর সাথে রয়েছে আমার একটা আত্মীয়তার সম্পর্ক তথা গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক। আমার নানার বাড়ি এখানে।”
সমাবেশে বিএনপি চেয়ারম্যান বলেন, “আপনাদের যেমন দাবি আছে বিএনপির কাছে, ঠিক একইভাবে বিএনপিরও কিন্তু দাবি আছে আপনাদের কাছে।” এরপর তিনি বৃহত্তর নোয়াখালী অঞ্চলের ভোটারদের উদ্দেশ্যে বলেন, ধানের শীষকে জয়যুক্ত করাই বিএনপির মূল দাবি।
ফেনীতে মেডিক্যাল কলেজ প্রতিষ্ঠা ও ইপিজেড স্থাপনের দাবির প্রসঙ্গ টেনে তারেক রহমান বলেন, “ফেনীতে একটি মেডিকেল কলেজ দরকার… ইনশাআল্লাহ আমরা মেডিকেল কলেজ করবো।”
একই সঙ্গে তিনি প্রাথমিক স্বাস্থ্যসেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে গ্রাম পর্যায়ে ‘হেলথকেয়ারার’ নিয়োগের পরিকল্পনার কথাও জানান। তিনি বলেন, শহীদ জিয়াউর রহমানের সময়কার পল্লী চিকিৎসকের আদলে এসব স্বাস্থ্যকর্মী ঘরে ঘরে গিয়ে বিশেষ করে নারী, শিশু ও গ্রামের মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করবেন, যাতে ছোটখাটো অসুখে হাসপাতালে যেতে না হয়।
জানা গেছে, চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠের সমাবেশ শেষ করে তারেক রহমান ফেনী পাইলট স্কুল মাঠে নির্বাচনী সমাবেশে পৌঁছান বিকেল ৫টা ৫৫ মিনিটে। সেখানে তিনি মাগরিবের নামাজ আদায় করে মঞ্চে ওঠেন।
ফেনীর সমাবেশ শেষে তারেক রহমান কুমিল্লার চৌদ্দগ্রামে যাওয়ার কথা রয়েছে। পরবর্তীতে কুমিল্লার সোয়াগাজী, দাউদকান্দি এবং নারায়ণগঞ্জের বালুর মাঠে পৃথক নির্বাচনী সমাবেশে বক্তব্য দেওয়ারও কর্মসূচি রয়েছে।
উল্লেখ্য, গত ২২ জানুয়ারি সিলেট থেকে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেন বিএনপি চেয়ারম্যান। রাজধানীর বাইরে এটি ছিল তার দ্বিতীয় প্রচারাভিযান।
ফেনী জেলা আহ্বায়ক শেখ ফরিদ বাহারের সভাপতিত্বে ও জেলা সদস্য সচিব আলাল উদ্দিন আলালের সঞ্চালনায় সমাবেশে বিএনপির প্রার্থীদের মধ্যে মোহাম্মদ শাহজাহান, আব্দুল আউয়াল মিন্টু, আবুল খায়ের ভুঁইয়া, জয়নুল আবদিন ফারুক, জয়নাল আবেদীন ভিপি জয়নাল, মাহবুব উদ্দিন খোকন, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, এবিএম আশরাফ উদ্দিন নিজান, রফিকুল আলম মজনু, মোহাম্মদ ফখরুল ইসলাম, শাহাদাত হোসেন সেলিম বক্তব্য রাখেন।
এছাড়া বিএনপির কেন্দ্রীয় নেতাদের মধ্যে রফিকুল ইসলাম, রেহানা আখতার রানু, হারুনুর রশীদ হারুন, বেলাল আহমেদ, শাহাবুদ্দিন সাবু, শাহানা আখতার সানু, মেজবাহ উদ্দিন খান, আবদুল লতিফ জনি, তাবিথ আওয়াল, ম আবুল তালেব, মশিউর রহমান বিপ্লব, জালাল উদ্দিন মজুমদার, নাছির উদ্দিন নাছির, ইয়াসীন আলী প্রমুখ বক্তব্য রাখেন।





