বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করলেন জায়মা রহমানসহ পরিবারের সদস্যরা

সকাল থেকে জিয়াউদানে বিএনপি নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢল, কোরআন তেলাওয়াত ও দোয়া অব্যাহত

ঢাকা, ২ জানুয়ারি ২০২৬ | নিউজ চ্যানেল বিডি

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন তার নাতনী ব্যারিস্টার জায়মা রহমানসহ জিয়া পরিবারের সদস্যরা। শুক্রবার সকালে তারা রাজধানীর শেরে বাংলা নগরের জিয়াউদানে যান।

এ সময় বেগম জিয়ার বোন সেলিনা ইসলাম, ছোট পুত্রবধূ শর্মিলা রহমানসহ পরিবারের সদস্যরা কবর জিয়ারত করেন এবং মরহুমার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন। ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের পর তারা হাত তুলে দোয়া করেন।

জিয়া উদ্যানে সকাল থেকেই বিএনপি নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢল নামে। সমাধিস্থলে একাধিক প্যান্ডেলে কোরআন তেলাওয়াত ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হচ্ছে। রাজধানীসহ দেশের বিভিন্ন জেলা থেকে আগত নেতাকর্মীরা দোয়া ও মোনাজাতে অংশ নেন। পুরো এলাকাজুড়ে ছিল কড়া নিরাপত্তা ব্যবস্থা।

জিয়া পরিবারের সদস্যরা সমাধিস্থল ত্যাগ করার পর সর্বসাধারণের জন্য এটি উন্মুক্ত করে দেওয়া হয়।

এদিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে শোক বইয়ে স্বাক্ষর করছেন দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ। রাষ্ট্রীয় শোকের তৃতীয় দিন উপলক্ষে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে এবং কালো পতাকা উত্তোলন করা হয়েছে। সারাদিনব্যাপী কোরআন তেলাওয়াত ও দোয়া মাহফিল চলছে।

অন্যদিকে গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে বিরাজ করছে সুনসান নীরবতা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া পাহারায় কার্যালয়টি বন্ধ রয়েছে। দলীয় সূত্র জানিয়েছে, সাত দিনব্যাপী শোক কর্মসূচির চতুর্থ দিন আজ।