বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে চিকিৎসকদের জরুরি প্রেস ব্রিফিং

মাইট্রাল স্টেনোসিসজনিত জটিলতায় হার্ট ও ফুসফুস একযোগে আক্রান্ত—জরুরি চিকিৎসা ও নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে

Posted by:

on

স্টাফ রিপোর্টার, ২৩ নভেম্বর ২০২৫, নিউজ চ্যানেল বিডি।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের ব্রিফ করেছেন তাঁর ব্যক্তিগত চিকিৎসক ডা. সিদ্দিকী। তিনি জানান, খালেদা জিয়ার পূর্ববর্তী রোগ মাইট্রাল স্টেনোসিস থাকার কারণে সাম্প্রতিক চেস্ট ইনফেকশন পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। ফলে একসাথে হার্ট ও ফুসফুসে সমস্যা দেখা দেওয়ায় তিনি তীব্র রেসপিরেটরি ডিস্ট্রেসে ভুগছিলেন।
ডা. সিদ্দিকী জানান, পরিস্থিতি গুরুতর হওয়ায় তাঁকে দ্রুত হাসপাতালে আনা হয় এবং তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় সব জরুরি পরীক্ষা সম্পন্ন করা হয়েছে। প্রাথমিক রিপোর্ট পাওয়ার পর মেডিকেল বোর্ড বসে সিদ্ধান্ত নেয় এবং তাঁকে জরুরি অ্যান্টিবায়োটিকসহ প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়।
তিনি বলেন,
“আগামী ২৪ ঘণ্টার মধ্যে আরও কিছু গুরুত্বপূর্ণ রিপোর্ট পাওয়া যাবে। বিশেষ করে পরবর্তী ১২ ঘণ্টা তাঁর শারীরিক অবস্থার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
বর্তমানে বেগম খালেদা জিয়া নিবিড় পর্যবেক্ষণে, তবে কেবিনেই রাখা হয়েছে। প্রয়োজনে অতিরিক্ত পরীক্ষা-নিরীক্ষাও করা হতে পারে বলে জানান চিকিৎসকরা।
মেডিকেল বোর্ডে উপস্থিত রয়েছেন প্রফেসর শাহাবুদ্দিন তালুকদার, প্রফেসর জিয়া, ডা. জাফর, ব্রিগেডিয়ার সাইফুলসহ একাধিক চিকিৎসক। লন্ডন ও যুক্তরাষ্ট্রের বিশেষজ্ঞ চিকিৎসকরাও নিয়মিত অনলাইনে যোগাযোগ রাখছেন। ডা. জোবায়দা রহমানও চিকিৎসকদের সঙ্গে সমন্বয় করছেন।
ডা. সিদ্দিকী জানান, বাকিটা বিষয়ে সাংবাদিকদের বিস্তারিত জানাবেন প্রফেসর জাহিদ, যিনি নিয়মিতভাবে গণমাধ্যমকে ব্রিফ করে থাকেন।