স্টাফ রিপোর্টার | ১৬ই জানুয়ারি ২০২৬| নিউজ চ্যানেল বিডি
বেগম খালেদা জিয়ার স্মরণে আজকের নাগরিক শোক সভা আনুষ্ঠানিকভাবে তিনটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শুরু হয়েছে। অনুষ্ঠানে সপরিবারে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান, তার স্ত্রী ডাক্তার জুবায়দা রহমান, কন্যা জাইমা রহমান, প্রয়াত আরাফ রহমানের স্ত্রী শরমিলা রহমানসহ খালেদা জিয়ার পরিবার ও জিয়া পরিবারের সদস্যরা।
উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এবং অন্যান্য রাজনৈতিক নেতা। মূলত তারা আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখবেন বেগম খালেদা জিয়ার স্মৃতি ও জীবনকর্ম নিয়ে। এছাড়া শিক্ষক, সাহিত্যিক, বুদ্ধিজীবী এবং বিভিন্ন শ্রেণী-পেশার মানুষও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
বিভিন্ন বিদেশী অতিথি, রাষ্ট্রদূত এবং গণমাধ্যম ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন। সাধারণ মানুষদের জন্যও অনুষ্ঠানের বাইরে এলইডি স্ক্রিনে অনুষ্ঠানটি দেখার ব্যবস্থা রাখা হয়েছে। শোক সভায় কোরআন তেলাওয়াতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সূচনা করা হয় এবং অনুষ্ঠান বিকেল পর্যন্ত চলবে।
বেগম খালেদা জিয়া গত ৩০ ডিসেম্বর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। তাঁর জানাজা এবং দাফন যথাক্রমে দক্ষিণ প্লাজার পাশের জিয়াউর উদ্যান ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশে সম্পন্ন হয়। সেদিন লাখো মানুষ ঢাকার রাস্তায় উপস্থিত ছিলেন, যা বেগম খালেদা জিয়ার সারাজীবনের সংগ্রাম ও গণতান্ত্রিক আন্দোলনের প্রতি মানুষের সম্মান প্রদর্শন করে।
শোক সভার মূল থিম রাখা হয়েছে “অপরাজয় বেগম খালেদা জিয়া”। এটি বেগম খালেদা জিয়ার গণতন্ত্র, স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষায় তার অবিচল অবস্থান এবং ৯০-এর দশকের স্বৈরাচার বিরোধী আন্দোলনে অবদানের স্মরণে আয়োজিত হয়েছে। অনুষ্ঠানে বক্তারা তাঁর রাজনৈতিক জীবন, সংগ্রাম এবং জনগণের প্রতি প্রতিশ্রুতির কথা তুলে ধরবেন।





