ব্যবসাবান্ধব পরিবেশে নতুন আমদানি নীতি আসছে শিগগিরই: বাণিজ্যমন্ত্রী

এফবিসিসিআইকে আরও শক্তিশালী করার আহ্বান; সেবা সহজীকরণে গঠিত হবে আলাদা কমিটি


স্টাফ রিপোর্টার | ১৯ এপ্রিল ২০২৬ | নিউজ চ্যানেল বিডি

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির জানিয়েছেন, সরকার একটি ব্যবসাবান্ধব পরিবেশ তৈরিতে প্রতিশ্রুতিবদ্ধ এবং নতুন আমদানি নীতি (ইমপোর্ট পলিসি) ইতোমধ্যে চূড়ান্ত পর্যায়ে রয়েছে। খুব শিগগিরই এটি উন্মুক্ত করা হবে বলে তিনি জানান।

রোববার সকালে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ব্যবসায়ী নেতাদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী আরও জানান, বস্ত্র ও পাট, শিল্প এবং বাণিজ্য মন্ত্রণালয়ের সেবা সহজীকরণের লক্ষ্যে ব্যবসায়ী প্রতিনিধিদের সমন্বয়ে একটি পৃথক কমিটি গঠন করা হবে।

তিনি বলেন, ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা এবং সরকারের কাছে তাদের দাবি-দাওয়া কার্যকরভাবে উপস্থাপনে এফবিসিসিআই-এর ভূমিকা আরও শক্তিশালী ও সক্রিয় হওয়া প্রয়োজন। প্রয়োজনে ইতিবাচক ও গঠনমূলক চাপ সৃষ্টি করে নীতিগত সহায়তা আদায়ে সংগঠনটিকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। তবে এফবিসিসিআইকে কোনোভাবেই রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা যাবে না বলেও তিনি সতর্ক করেন।

মন্ত্রী বলেন, “আমরা এমন একটি এফবিসিসিআই দেখতে চাই, যা প্রকৃত অর্থেই সকল ব্যবসায়ীর সম্মিলিত প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।”

তিনি আরও উল্লেখ করেন, এফবিসিসিআই বাণিজ্য মন্ত্রণালয়ের একটি সহায়ক শক্তি হিসেবে কাজ করে নীতিনির্ধারণে বাস্তবভিত্তিক মতামত প্রদান করবে।

সংগঠনটিকে আরও গতিশীল ও ফলপ্রসূ করতে যোগ্য, দূরদর্শী ও উদ্যমী নেতৃত্বের ওপর গুরুত্বারোপ করে বাণিজ্যমন্ত্রী বলেন, নেতৃত্ব ব্যবসায়ীদের মধ্য থেকেই আসা উচিত এবং সংগঠনটি যেন ব্যবসায়ী সমাজের স্বার্থ রক্ষায় কার্যকর ভূমিকা রাখতে পারে, তা নিশ্চিত করা হবে।

বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (রপ্তানি) ও এফবিসিসিআই-এর প্রশাসক মো. আবদুর রহিম খান বক্তব্য দেন। এছাড়া বিভিন্ন খাতের ব্যবসায়ী প্রতিনিধিরা অংশ নিয়ে এফবিসিসিআইকে আরও কার্যকর ও ব্যবসাবান্ধব সংগঠন হিসেবে গড়ে তোলার লক্ষ্যে নানা মতামত তুলে ধরেন।

তারা নির্বাচন পূর্ববর্তী সময়ে ব্যবসায়ী সমাজ থেকে একজনকে প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়ার প্রস্তাবও উত্থাপন করেন।