স্টাফ রিপোর্টার, ১৫ ডিসেম্বর ২০২৫, নিউজ চ্যানেল বিডি।
ভয়ের কোনো কারণ নেই উল্লেখ করে নির্ধারিত সময়েই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, যারা স্বাধীনতাপ্রিয় ও গণতন্ত্রকামী জনগণকে ভয় দেখাতে চায়, তারা অবশ্যই ব্যর্থ হবে ইনশাআল্লাহ।
সোমবার বিকেলে রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপির উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, ভয় মানুষের জয়-পরাজয় কিংবা জীবন-মৃত্যুর নিয়ন্ত্রক নয়; সবকিছু আল্লাহর হাতে নির্ধারিত। আল্লাহর ওপর ভরসা রেখে ঐক্যবদ্ধ থাকলে ষড়যন্ত্রকারীরা পিছু হটতে বাধ্য হবে।
নির্বাচনের প্রচারণায় নিজে অংশ নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করে তারেক রহমান বলেন, গ্রাম-গঞ্জ, শহর-বন্দর, ওয়ার্ড-মহল্লা থেকে রাজপথ পর্যন্ত জনগণের অধিকার প্রতিষ্ঠার মিছিলে তিনি নিজেও থাকবেন ইনশাআল্লাহ।
আলোচনা সভার শুরুতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আশু আরোগ্য কামনায় বিশেষ মোনাজাত করা হয়।





