স্টাফ রিপোর্টার , ০৯ মার্চ ২০২৬, নিউজ চ্যানেল বিডি
ভারতের পশ্চিমবঙ্গে গ্রেফতার হওয়া ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ও তার সহযোগীকে দেশে ফিরিয়ে আনার জন্য জোর প্রচেষ্টা চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
আজ সোমবার দুপুরে কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ে অনুষ্ঠিত আইন-শৃঙ্খলা কমিটির সভা শেষে এক ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, হাদি হত্যা মামলার প্রধান আসামি ও সহযোগীকে দেশে ফিরিয়ে আনতে ইতোমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে পদক্ষেপ নেওয়া হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারতের সঙ্গে যোগাযোগ করে আসামিদের ফেরত আনতে জোর প্রচেষ্টা চালানো হবে।
কক্সবাজার জেলা প্রশাসক আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কক্সবাজার সমুদ্র সৈকতের অবৈধ স্থাপনা আগামী এক সপ্তাহের মধ্যে উচ্ছেদের নির্দেশ দেন স্বরাষ্ট্রমন্ত্রী।
এ প্রসঙ্গে তিনি বলেন, কক্সবাজার সমুদ্র সৈকতকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে আরও উন্নত করতে সৈকতের ময়লা-আবর্জনা পরিষ্কার এবং অবৈধ স্থাপনা উচ্ছেদ করা প্রয়োজন।
আইন-শৃঙ্খলা কমিটির সভায় কক্সবাজারের পুলিশ সুপার এন এম সাজেদুর রহমানসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে রোববার বিকেলে দুই দিনের সফরে নিজ জন্মভূমি কক্সবাজারে আসেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর এটিই ছিল তার প্রথম কক্সবাজার সফর। আইন-শৃঙ্খলা কমিটির সভা শেষে তিনি ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেন।





