ভাষাসংগ্রামী, কবি ও রবীন্দ্রবিশেষজ্ঞ আহমদ রফিক আর নেই

বারডেম হাসপাতালে শেষ নিঃশ্বাস, মৃত্যুকালে বয়স হয়েছিল ৯৬ বছর

ঢাকা, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫ : ভাষাসংগ্রামী, কবি, প্রাবন্ধিক ও রবীন্দ্রবিশেষজ্ঞ আহমদ রফিক আর নেই। রাজধানীর বারডেম হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) বৃহস্পতিবার রাত ১০টা ১২ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৬ বছর।

আহমদ রফিকের বিশেষ সহকারী মো. রাসেল তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। হাসপাতালের চিকিৎসকদের বরাত দিয়ে জানা যায়, মৃত্যুর মাত্র সাত মিনিট আগে তাঁর কার্ডিয়াক অ্যারেস্ট হয়। এর আগে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বুধবার বিকেলে তাঁকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।

কিডনি জটিলতা ও বারবার ‘মাইল্ড স্ট্রোক’-এর কারণে তিনি দীর্ঘদিন ধরে ভুগছিলেন। গত ১১ সেপ্টেম্বর ল্যাবএইড হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়ার পর তাঁকে হেলথ অ্যান্ড হোপ হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখান থেকে বারডেম হাসপাতালে স্থানান্তর করা হয়।

১৯২৯ সালের ১২ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়ায় জন্ম নেওয়া আহমদ রফিক ছিলেন ভাষা আন্দোলনের অন্যতম ইতিহাসবিদ ও প্রাবন্ধিক। তিনি শতাধিক গ্রন্থ রচনা ও সম্পাদনা করেছেন। পেয়েছেন একুশে পদক, বাংলা একাডেমি পুরস্কারসহ বহু সম্মাননা। দুই বাংলায় রবীন্দ্রচর্চায় তাঁর অবদান অনন্য। কলকাতার টেগর রিসার্চ ইনস্টিটিউট তাঁকে দিয়েছে ‘রবীন্দ্রতত্ত্বাচার্য’ উপাধি।

ব্যক্তিজীবনে তিনি ২০০৬ সালে স্ত্রীকে হারান। তাঁদের কোনো সন্তান ছিল না। জীবনের শেষ দিনগুলো তিনি নিউ ইস্কাটনের গাউসনগরের ভাড়া বাসায় একাই কাটাচ্ছিলেন।

দীর্ঘদিনের শারীরিক ভোগান্তির মধ্যে ২০১৯ সালে তাঁর দৃষ্টিশক্তি ক্ষীণ হয়ে যায় এবং ২০২৩ সাল থেকে প্রায় অন্ধ হয়ে যান। ২০২১ সালে পড়ে গিয়ে পা ভাঙার পর থেকেই তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে।

শেষ ইচ্ছা অনুযায়ী, মৃত্যুর পর তিনি নিজের দেহ ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতাল মেডিকেল কলেজে দান করে গেছেন।