স্টাফ রিপোর্টার, ০৩ মার্চ ২০২৬, নিউজ চ্যানেল বিডি
ঢাকা, মঙ্গলবার: প্রধানমন্ত্রীর কাছে আজ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দেওয়া প্রতিবেদনে বলা হয়েছে, প্রধানমন্ত্রীসহ রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিরা ভিআইপি প্রটোকল ছাড়া চলাচল ও ট্রাফিক সিগন্যাল মেনে চলায় রাজধানীর সড়কে যানবাহনের গতি বেড়েছে। তথ্যটি বাসস’কে নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে আজ উপস্থাপিত প্রতিবেদনে রাজধানীর যানজট নিরসন এবং সড়কে যানবাহন চলাচলের গতিসহ বিভিন্ন তথ্য উপস্থাপন করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ভিআইপি প্রটোকল কমানোর কারণে প্রধানমন্ত্রীর চলাচল ছাড়াও রাষ্ট্রপতি, মন্ত্রী-প্রতিমন্ত্রীরা ট্রাফিক সিগন্যাল অনুসরণ করছেন, যার ফলে যানবাহনের গতি বেড়েছে।
আতিকুর রহমান রুমন আরও জানান, আগে রাজধানীতে যানবাহনের স্বাভাবিক গতি ছিল ৪.৫ কিলোমিটার প্রতি ঘণ্টা, যা পায়ে হাঁটার গতির সমান। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর তারেক রহমান ভিআইপি প্রটোকল কমিয়ে সাধারণ নিয়ম মেনে চলছেন। গত ১৪ দিনের পরিসংখ্যান অনুযায়ী, ভিআইপি প্রটোকল কমানোর কারণে যানবাহনের গতি বেড়ে ৫.৩ কিলোমিটার প্রতি ঘণ্টা হয়েছে। তিনি যোগ করেন, প্রতিবেদনে উল্লিখিত তথ্য প্রধানমন্ত্রী দেখেছেন।





