ভিত্তিহীন ও এআই-জেনারেটেড তথ্য নিয়ে বক্তব্য দেওয়ায় রিজভীর দুঃখ প্রকাশ

ফ্যাক্ট চেক ছাড়াই বক্তব্য দেওয়ার কথা স্বীকার, ভবিষ্যতে আরও সতর্ক থাকার অঙ্গীকার

Posted by:

on

স্টাফ রিপোর্টার, ১৩ ডিসেম্বর ২০২৫, নিউজ চ্যানেল বিডি।
সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া দুটি ভিত্তিহীন ও এআই-জেনারেটেড তথ্য যাচাই না করে বক্তব্য দেওয়ার জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
শনিবার বিএনপির সহ-দফতর সম্পাদক মুঃ মুনির হোসেন স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে রুহুল কবির রিজভী এই দুঃখ প্রকাশ করেন।
বিবৃতিতে জানানো হয়, আরটিভির লোগো ব্যবহার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনারের নামে একটি বক্তব্য ফেসবুকে ভাইরাল হয়। একই সঙ্গে শরিফ ওসমান হাদিকে আক্রমণকারী একজন সন্দেহভাজন ব্যক্তির সঙ্গে ডাকসুর ভিপির চা খাওয়ার দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। পরবর্তীতে জানা যায়, উল্লিখিত দুটি বিষয়ই ছিল সম্পূর্ণ ভিত্তিহীন এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দ্বারা তৈরি।
রিজভী বলেন, “ফ্যাক্ট চেক না করে এসব বিষয় নিয়ে আজ দুপুরে নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে একটি সভায় আমি বক্তব্য রাখি। এটি ছিল অনিচ্ছাকৃত ভুল।”
তিনি আরও বলেন, এ ধরনের ভুল বক্তব্যের জন্য তিনি আন্তরিকভাবে দুঃখিত এবং ভবিষ্যতে যেকোনো তথ্য উপস্থাপনের আগে আরও সতর্কভাবে যাচাই করবেন।