ভিসা না পাওয়ার জন্য আমরা নিজেরাই দায়ী: পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন

জালিয়াতির কারণে বাংলাদেশের কাগজপত্রে আস্থা কমছে, সতর্ক করলেন তিনি

স্টাফ রিপোর্টার ৫ জানুয়ারি ২০২৬ | নিউজ চ্যানেল বিডি

ভিসা জটিলতা ও বিদেশে যাওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধকতার জন্য দেশ ও নাগরিকদের দায়ের কথা স্পষ্টভাবে তুলে ধরেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি বলেন, বাংলাদেশিদের ভিসা না দেওয়ার জন্য শুধু সংশ্লিষ্ট দেশ বা পররাষ্ট্র মন্ত্রণালয়কে দায়ী করা যাবে না, বরং পুরো ব্যবস্থার দায় রয়েছে।

তার ভাষায়, “ভিসা যে দেয় না, এর জন্য সম্পূর্ণভাবে আমরা দায়ী। এটা দেশের দায়, আমাদের পুরো সিস্টেমের দায়। শুধু পররাষ্ট্র মন্ত্রণালয়ের না, ব্যক্তিগতভাবেও না।”

তিনি আরও বলেন, বিশ্বজুড়ে অনেক সুযোগ রয়েছে, কিন্তু আমরা সেগুলো কাজে লাগাতে পারছি না নিজেদের সীমাবদ্ধতা ও অনিয়মের কারণে। জালিয়াতির প্রসঙ্গ টেনে তিনি উল্লেখ করেন, দেশের চিফ অ্যাডভাইজার নিজেও বলেছেন যে জালিয়াতির ক্ষেত্রে আমরা খুবই খারাপ অবস্থানে আছি।

তৌহিদ হোসেন বলেন, ভিসা, অ্যাডমিশন বা বিদেশে চাকরির মতো বিষয়গুলো সম্পূর্ণভাবে কাগজপত্রের ভিত্তিতে নির্ধারিত হয়। কিন্তু যখন দেখা যায় একজন গৃহকর্মী অন্য দেশে গিয়ে ভিসায় নিজেকে একটি কোম্পানির ফ্রন্ট অফিস ম্যানেজার হিসেবে দেখাচ্ছেন, তখন স্বাভাবিকভাবেই সংশ্লিষ্ট দেশগুলোর আস্থা কমে যায়।

তার মতে, যতদিন পর্যন্ত দেশের ভেতরের অনিয়ম ও ভুয়া কাগজপত্রের প্রবণতা বন্ধ না হবে, ততদিন এই সমস্যার সমাধান হবে না। বরং পরিস্থিতি আরও কঠিন হতে পারে।

তিনি বলেন, “আমাদের কাগজ দেখে কেউ বিশ্বাস করে না। সেই বিশ্বাস তৈরি করার দায়িত্ব আমাদেরই।”

পররাষ্ট্র উপদেষ্টা জানান, সিস্টেম চালু করা হলেও তা পুরোপুরি কার্যকর করতে সময় লাগছে। তবে শেষ পর্যন্ত সঠিক ও জেনুইন কাগজপত্রের সংস্কৃতিতে ফিরতেই হবে বলে তিনি মন্তব্য করেন।