ভুল তথ্য দিয়ে ভোট চাওয়া বন্ধ করুন: ১২ ফেব্রুয়ারি গণতন্ত্র ও ন্যায়ের পক্ষে রায় দেওয়ার আহ্বান আসিফ মাহমুদের

প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে বিদেশি নাগরিকত্ব ও দুর্নীতির অভিযোগে অভিযুক্ত করে স্থানীয় নেতৃত্বের পক্ষে অবস্থান নেওয়ার আহ্বান

স্টাফ রিপোর্টার, ৮ ফেব্রুয়ারি ২০২৬| নিউজ চ্যানেল বিডি

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, নির্বাচনের সময় অনেকেই সরকার গঠনের স্বপ্ন দেখছেন, কিন্তু মাঠে গিয়ে তারা ভুল তথ্য দিচ্ছেন। তিনি অভিযোগ করেন, যেসব জেলায় আগে থেকেই মেডিকেল কলেজ, ইপিজেড বা নির্দিষ্ট কৃষি উৎপাদন রয়েছে, সেসব বিষয় নিয়েও বিভ্রান্তিকর প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে।

তিনি বলেন, যারা দেশের বিভিন্ন অঞ্চলের বাস্তব সমস্যা, কৃষক ও শ্রমজীবী মানুষের সংকট সম্পর্কে অবগত নন, তারা কীভাবে দেশ পরিচালনার স্বপ্ন দেখেন, সেটাই প্রশ্ন। জনগণকে সিদ্ধান্ত নিতে হবে তারা স্থানীয় আন্দোলন ও রাজপথ থেকে উঠে আসা নেতৃত্বকে বেছে নেবেন, নাকি বিদেশে অবস্থান করে দেশের বাস্তবতা না জানা প্রার্থীদের সমর্থন করবেন।

নিজ আসনের প্রার্থিতা প্রসঙ্গে তিনি বলেন, এখানে একজন প্রার্থী হিসেবে রয়েছেন জাতীয় পার্টির আহ্বায়ক মো. ইসলাম, যিনি আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। অপরদিকে আরেক প্রার্থীর বিরুদ্ধে ভূমিদস্যুতা, চাঁদাবাজি ও মামলা বাণিজ্যের অভিযোগ রয়েছে বলে দাবি করেন তিনি।

আসিফ মাহমুদ আরও অভিযোগ করেন, ওই প্রার্থী বিদেশি নাগরিকত্ব গ্রহণ করেছেন এবং নির্বাচিত হলে অর্থ পাচারের আশঙ্কা রয়েছে। তিনি প্রশ্ন তোলেন, এমন কাউকে কি জনগণ তাদের প্রতিনিধি হিসেবে বেছে নেবেন, যিনি আগে থেকেই বিদেশে সম্পদ সরানোর প্রস্তুতি নিচ্ছেন।

তিনি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি ভোটের মাধ্যমে জনগণকে গণতন্ত্র, ন্যায় ও ইনসাফের পক্ষে রায় দিতে হবে। এমন নেতৃত্ব বেছে নিতে হবে যারা একটি নতুন বাংলাদেশ গড়বে এবং অতীতের বিতর্কিত শাসনব্যবস্থার পুনরাবৃত্তি হতে দেবে না।