ভোগান্তির পর সময়মতো ট্রাক, বনশ্রীতে ডিম ছাড়াই বিক্রি

চাহিদার তুলনায় কম সরবরাহে ক্রেতাদের হতাশা

স্টাফ রিপোর্টার, ২০ ফেব্রুয়ারি ২০২৬, নিউজ চ্যানেল বিডি।

গতকালের দীর্ঘ অপেক্ষা ও ভোগান্তির পর আজ রাজধানীর বিভিন্ন স্থানে সুলভ মূল্যের পণ্যের ট্রাক সময়মতো পৌঁছায়। তবে বনশ্রী এলাকায় নির্ধারিত সব পণ্য না আসায় নতুন করে অসন্তোষ তৈরি হয়েছে।

বনশ্রীর মেরাদিয়া কাঁচাবাজার মেইন রোডের পাশে ট্রাকটি অবস্থান নেয়। আগে থেকে ঘোষণা ছিল, সেখানে ৭০ কেজি গরুর মাংস, ৫০ কেজি মুরগির মাংস, ১০০ লিটার দুধ ও ৩ হাজার পিস ডিম আনা হবে। কিন্তু সরেজমিনে গিয়ে দেখা যায়, ট্রাকে ডিম আনা হয়নি।

সরকারি সুলভ মূল্যের এসব পণ্য বিক্রির সময় ট্রাক ঘিরে ভিড় করেন বিপুলসংখ্যক মানুষ। অনেকেই সকাল থেকেই অপেক্ষা করছিলেন। তবে উপস্থিত মানুষের তুলনায় সরবরাহ কম থাকায় সবার চাহিদা পূরণ সম্ভব হয়নি।

যেসব স্থানে পাওয়া যাবে


ঢাকা মহানগর ও সিটি করপোরেশন এলাকার ২৫টি গুরুত্বপূর্ণ স্থানে প্রাথমিকভাবে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে। স্থানগুলো হলো: সচিবালয়ের পাশে আবদুল গনি রোড, খামারবাড়ি (ফার্মগেট), ষাট ফুট রোড (মিরপুর), আজিমপুর মাতৃসদন, নয়াবাজার (পুরান ঢাকা), উত্তরা হাউস বিল্ডিং, রামপুরা বাজার, হাজারীবাগ, আরামবাগ (মতিঝিল), কালশী (মিরপুর), মানিকনগর গলির মুখ (যাত্রাবাড়ী), শাহজাদপুর (বাড্ডা), কড়াইল বস্তি (বনানী), কামরাঙ্গীরচর, খিলগাঁও রেলক্রসিং দক্ষিণ, নাখালপাড়া (লুকাস মোড়), সেগুনবাগিচা কাঁচাবাজার, মোহাম্মদপুর বাবর রোড, মোহাম্মদপুর বসিলা, কাকরাইল, বনশ্রী, মিরপুর-১০, কল্যাণপুর, তেজগাঁও ও বঙ্গবাজার।

কোন পণ্য দাম কত থাকছে

সুলভ মূল্যের এ কর্মসূচিতে গরুর মাংসের পাশাপাশি প্রতিটি ডিম ৮ টাকা বা ডজন ৯৬ টাকা, প্রতি লিটার দুধ ৮০ টাকা এবং ড্রেসড ব্রয়লার মুরগি প্রতি কেজি ২৪৫ টাকায় বিক্রি হচ্ছে। ২৫ রমজান পর্যন্ত মোট ২৬ দিন এ কার্যক্রম চলবে। একজন ক্রেতা এক কেজি গরুর মাংস, একটি মুরগি, এক লিটার দুধ ও এক থেকে দুই ডজন ডিম কিনতে পারবেন।

ক্রেতারা জানান, গরুর মাংসের চাহিদাই সবচেয়ে বেশি। সীমিত পরিমাণ বরাদ্দ থাকায় অল্প সময়ের মধ্যেই মাংস শেষ হয়ে যায়। অনেকেই লাইনে দাঁড়িয়ে থেকেও পণ্য না পেয়ে ফিরে যান।

সংশ্লিষ্টরা বলছেন, চাহিদা বিবেচনায় পর্যায়ক্রমে সরবরাহ বাড়ানোর চেষ্টা করা হচ্ছে। তবে হঠাৎ বাড়তি ভিড় সামাল দিতে কিছু ক্ষেত্রে ঘাটতি দেখা দিচ্ছে।

রমজানজুড়ে সুলভ মূল্যে মাংস, দুধ ও ডিম বিক্রির এ কার্যক্রম চালু থাকবে বলে জানানো হয়েছে।